বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : শিলচরের দাসকলোনিতে এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। মঙ্গলবার গভীর রাতে কোয়ালিটি গ্রাফিক্সের স্বত্বাধিকারী পিনাকী দাস এবং সৃষ্টি নৃত্য অ্যাকাডেমির অধ্যক্ষা মৌমিতা বিশ্বাসের বাড়িতে চুরি সংঘটিত হয়। দু’জনই বাইরে রয়েছেন বর্তমানে।
বুধবার সকালে প্রতিষ্ঠানের কর্মীরা প্রতিদিনের মতো দোকান খুলতে গিয়ে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন। দেখা যায়, দরজাটি ভিতর থেকে গ্রিল দিয়ে বন্ধ। সন্দেহ হওয়ায় তারা উপরে গিয়ে দেখেন ঘরের দরজা ভাঙা, আসবাবপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে রয়েছে এবং আলমারিও ভেঙে ফেলা হয়েছে।
পরিস্থিতি দেখে কর্মীরা সঙ্গে সঙ্গে বাড়ির মালিক মৌমিতা বিশ্বাসকে ফোনে বিষয়টি জানান এবং ঘটনার ভিডিও পাঠান। এরপরই রাঙ্গিরখাড়ি থানায় খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
জানা গেছে, ঘটনার সময় বাড়ির মালিক পিনাকী দাস ও মৌমিতা বিশ্বাস গয়া ভ্রমণে রয়েছেন। চোরেরা ঠিক কী কী সামগ্রী লুট করেছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।



