গোয়ালপাড়ায় এআইএমএসএস-এর চতুর্থ অসম রাজ্য সম্মেলন সম্পন্ন, গঠিত ৫৫ সদস্যের নতুন রাজ্য কমিটি

Spread the news

বরাক তরঙ্গ, ১ নভেম্বর : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দু’দিনব্যাপী অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (এআইএমএসএস)-এর চতুর্থ অসম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল গোয়ালপাড়া শহরে। গত ৩১ অক্টোবর ও ১ নভেম্বর অনুষ্ঠিত এই সম্মেলনে নারী ও শিশু নির্যাতন বন্ধ, মাদকদ্রব্য নিষিদ্ধকরণ, অপসংস্কৃতি রোধ এবং উচ্ছেদের বিরুদ্ধে বিকল্প পুনর্বাসনের দাবিতে সোচ্চার হন প্রতিনিধিরা।
সম্মেলনের প্রথম দিন, ৩১ অক্টোবর গোয়ালপাড়া হাইস্কুলের মাঠে দুই সহস্রাধিক মহিলা ও পুরুষের উপস্থিতিতে এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। পরদিন ১ নভেম্বর গোয়ালপাড়া ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় প্রতিনিধিদের সভা।

সভায় সভাপতিত্ব করেন ডাঃ চিত্রলেখা দাস, দেলোয়ারা হুসেইন, দুলালী গাঙ্গুলী ও অধ্যাপিকা খোদেজা খাতুনকে নিয়ে গঠিত সভাপতি মণ্ডলী। প্রতিনিধি সভার প্রথম অধিবেশনে নারীসমাজের বিভিন্ন সমস্যা এবং রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। নারী ও শিশু নির্যাতন কঠোর হাতে দমন, মদ ও মাদকদ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধকরণ, অশ্লীলতা ও অপসংস্কৃতি বন্ধ এবং বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ বন্ধের দাবিতে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রস্তাব উত্থাপন করা হয়। প্রতিনিধিদের সংযোজন ও সংশোধনীসহ প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

দ্বিতীয় অধিবেশনে ২০২০ সালে অনুষ্ঠিত তৃতীয় সম্মেলনের পর থেকে চতুর্থ সম্মেলন পর্যন্ত সংগঠনের রাজ্য কমিটির উদ্যোগে পরিচালিত বিভিন্ন আন্দোলন ও সামাজিক-সাংস্কৃতিক কর্মসূচির বিবরণ দিয়ে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন রাজ্য সম্পাদক বর্ণালী শর্মা। প্রতিনিধিদের মতামত ও সংশোধনীসহ প্রতিবেদনটিও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সভায় সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে নারী নির্যাতনের বিরুদ্ধে সংগ্রামের পাশাপাশি নারীসমাজের পূর্ণ মুক্তি এবং শোষণহীন সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের আরও যোগ্য ও সংগঠিত করে তোলার আহ্বান জানানো হয়।

সম্মেলনের সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের অসম রাজ্য কমিটির সম্পাদক তথা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপিকা চন্দ্রলেখা দাস। তিনি নারীসমাজের বিভিন্ন সমস্যার মূল কারণ হিসেবে শোষণমূলক পুঁজিবাদী আর্থসামাজিক ব্যবস্থাকে চিহ্নিত করেন। তাঁর বক্তব্যে বর্তমান শাসক ও পুঁজিপতি শ্রেণির বিরুদ্ধে সমালোচনা করে তিনি বলেন, নিজেদের স্বার্থে এই ব্যবস্থা টিকিয়ে রাখতে সাধারণ মানুষের, বিশেষ করে ছাত্র-যুবসমাজের নৈতিক মেরুদণ্ড দুর্বল করার চেষ্টা চলছে। নারীদের ওপর আক্রমণের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনকে পুঁজিবাদবিরোধী সমাজতান্ত্রিক বিপ্লবের পরিপূরক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে আগামী দিনে শক্তিশালী নারী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে অধ্যাপিকা বর্ণালী শর্মাকে সভাপতি, দেলোয়ারা হোসেইন, দুলালী গাঙ্গুলি, খোদেজা খাতুন ও রহিমা খাতুনকে সহ-সভাপতি, বিনালী বড়োকে কোষাধ্যক্ষ এবং স্বর্ণলতা চলিহাকে সম্পাদক মনোনীত করে এআইএমএসএস-এর ৫৫ সদস্যের নতুন অসম রাজ্য কমিটি গঠন করা হয়।
নবগঠিত রাজ্য কমিটির পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের সামাজিক অন্যায়ের বিরুদ্ধে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *