বরাক তরঙ্গ, ৪ জুলাই : গুয়াহাটি মহানগরীতে জালনোট পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পুলিশের এনকাউন্টারে গুলিবিদ্ধ হলেন অভিযুক্ত অজয় বিশ্বকর্মা। শনিবার ভোররাতে কাংকান নগর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, জালনোট পাচারের সঙ্গে জড়িত অজয় বিশ্বকর্মা পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন।
উল্লেখ্য, দু’দিন আগে গুয়াহাটির ছয়মাইল এলাকা থেকে বিপুল পরিমাণ জালনোটসহ অজয় বিশ্বকর্মাকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তের স্বার্থে তাকে নিয়ে অভিযানে গেলে পালানোর চেষ্টা করার সময় এই এনকাউন্টারের ঘটনা ঘটে বলে পুলিশের দাবি।
গুলিবিদ্ধ অজয় বিশ্বকর্মাকে চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। ঘটনায় আরও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।



