বরাক তরঙ্গ, ২৪ মে : অসমের ইতিহাসে নতুন স্বর্ণাক্ষরে নাম লিখলেন লখিমপুর জেলার নগাঁওপথার গ্রামের ২৬ বছর বয়সী রূপামণি গড়। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে অসমের প্রথম মহিলা হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জন করেছেন তিনি। এই তথ্য জানিয়েছে Assam Mountaineering Association। গত ২১ মে ভোররাতে আইটিবিপি-র ১১ সদস্যের মহিলা অভিযাত্রী দলের সঙ্গে সফলভাবে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন রূপামণি। এই অভিযানের নেতৃত্ব দেন গুয়াহাটির নারিকলবাড়ির বাসিন্দা তথা অসম মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের অভিজ্ঞ সদস্য ডেপুটি কমান্ড্যান্ট Vanita Timungpi। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ‘নারী শক্তি বন্দন’ কর্মসূচির আওতায় এই বিশেষ অভিযান আয়োজন করা হয়।
একটি কৃষক পরিবারে জন্ম নেওয়া রূপামণির শৈশব কেটেছে লীলাবাড়ির সাধারণ পরিবেশে। তাঁর বাবা জয় সিং গড় কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং মা কমলাবতী একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা। কলা বিভাগে স্নাতক সম্পন্ন করার পর ২০২০ সালে আইটিবিপিতে যোগ দেন রূপামণি। চাকরির পাশাপাশি ছোটবেলা থেকেই পাহাড় ও অ্যাডভেঞ্চারের প্রতি তাঁর গভীর আগ্রহকে এগিয়ে নিয়ে যান তিনি।
রূপামণি গড় এবং ভানিতা তিমুংপির এই ঐতিহাসিক সাফল্যে গোটা অসমজুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে। বিভিন্ন মহল থেকে তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। অনেকেই এই সাফল্যকে অসমের গর্ব এবং রাজ্যের যুবতীদের জন্য এক বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে রূপামণিকে অভিনন্দন জানিয়ে বলেন, “অসমের কন্যা আজ বিশ্বের শীর্ষে পৌঁছেছে। আইটিবিপির সর্বমহিলা অভিযাত্রী দলের সদস্য হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করে অসমের প্রথম মহিলা হওয়ার জন্য রূপামণি গড়কে আন্তরিক অভিনন্দন।”
তিনি আরও বলেন, “রূপামণির এই ঐতিহাসিক সাফল্য অসমের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। তাঁর এই অর্জন রাজ্যের যুব সমাজকে বড় স্বপ্ন দেখতে এবং নতুন উচ্চতা জয় করতে অনুপ্রাণিত করবে।”



