সংবাদ কার্যালয়ে ঢুকে হামলা, সাংবাদিককে মারধর ঘটনার উদ্বেগ ও নিন্দা বিডিএফের

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ মে : ‘বরাক বাণী ‘ সংবাদ সংস্থার লিঙ্ক রোডে অবস্থিত কার্যালয়ে ঢুকে সাংবাদিক রাজু দাসের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে একদল দুষ্কৃতী। একই সঙ্গে কম্পিউটার সহ কার্যালয়ের বিভিন্ন সামগ্রী ভাংচুর করা হয়েছে। এই ঘটনায় তীব্র উদ্বেগ ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

এক প্রেস বার্তায় বিডিএফ আহ্বায়ক হৃষীকেশ দে বলেন, রাজু দাসের বয়ান থেকে এটি স্পষ্ট যে দুষ্কৃতীরা তার পুর্ব পরিচিত ছিলেন না। তাই এই হামলার সম্ভাব্য কারণ এই সংস্থা তথা তাঁর সংবাদ পরিবেশনের সাথে যুক্ত বলে মনে হচ্ছে। হৃষীকেশ বলেন, ভারতে বাকস্বাধীনতার অধিকার এখনো সংবিধান স্বীকৃত। তাই কোন সংবাদ সংস্থা বা সাংবাদিকদের একশো শতাংশ অধিকার রয়েছে যে তাঁরা গুরুত্বপূর্ণ বলে যা ভাবছেন,সেই অনুযায়ী সংবাদ পরিবেশন করার । যদি কোন সংবাদ বা মতামত নিয়ে কারুর আপত্তি থাকে তবে তারও সম্পুর্ন অধিকার রয়েছে,যুক্তি সহ তা খন্ডন করার এবং বিপক্ষে মতামত তুলে ধরার। তাঁর জন্য সামাজিক মাধ্যম রয়েছে। এমনকি যে সংস্থার সংবাদে তিনি দ্বিমত পোষণ করছেন, সেই সংস্থাকেই তিনি জানাতে পারেন। নিরপেক্ষ সংবাদ মাধ্যম উভয় পক্ষের বক্তব্যকে সমান গুরুত্ব দিতে দায়বদ্ধ। কিন্তু তা না করে যদি সংবাদ পরিবেশনের জন্য কোন সাংবাদিকের উপর প্রাণঘাতী হামলা চালানো হয়,তবে তা শুধু সংবাদ মাধ্যম নয়, গণতন্ত্রের পক্ষেও বিপজ্জনক। তাই এই ধরনের প্রবনতা রুখতেই বরাক উপত্যকার প্রত্যেক নাগরিকের সচেতন ও সরব হতে হবে।

হৃষীকেশ এদিন আরোও বলেন, বরাক উপত্যকা শান্তির দ্বীপ বলে সুখ্যাত। এই ধরনের ঘটনা এই উপত্যকার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাই প্রশাসনকে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেবার দাবি জানাচ্ছেন তাঁরা। তিনি বলেন এই ঘটনার সাথে কোন প্রভাবশালী ব্যাক্তি বা চক্রের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন তাদের দাবি যে যাকে গ্রেফতার করা হয়েছে তাঁকে জিজ্ঞাসাবাদ করে অবিলম্বে যারা সহযোগী ছিলেন তাঁদের আইনের আওতায় আনা হোক। সবার কঠোর শাস্তি নিশ্চিত করা হোক। এবং এই ব্যাপারে সমস্ত তথ্য জনসমক্ষে প্রকাশ করা হোক।

হৃষীকেশ বলেন, তদন্ত প্রক্রিয়ার নিরপেক্ষতা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব এবং তাঁরা আশা করছেন যে সেই দায়িত্ব সুচারুভাবে পালিত হবে। যদি তা নাহয় তবে শহরের গণতন্ত্রপ্রেমী নাগরিকদের নিয়ে আগামীতে আন্দোলনে নামবে বিডিএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *