মণিপুরে সেনার পিকআপ ভ্যান ও অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু অন্তঃসত্ত্বা মহিলার, আহত ৭ জওয়ান

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : মণিপুরের বিষ্ণুপুর জেলায় সেনাবাহিনীর পিকআপ ভ্যান ও একটি অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক অন্তঃসত্ত্বা মহিলা। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত সাতজন সেনা জওয়ান। সোমবার ভোরে জেলার থিনুনগেই এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম ওইনাম রোশনি (৩২)। সোমবার শারীরিক পরীক্ষার জন্য অ্যাম্বুল্যান্সে করে তাঁকে ইম্ফলের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি পিকআপ ভ্যানের সঙ্গে অ্যাম্বুল্যান্সটির সজোরে সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে দু’টি গাড়িই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উলটে যায়। সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে। এতে কয়েকজন সেনা জওয়ান গাড়ি থেকে ছিটকে পড়েন।

মৃতার স্বামী ও. জেমস জানিয়েছেন, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওইনামকে প্রথমে ইম্ফলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (আরআইএমএস) স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অন্যদিকে, দুর্ঘটনায় আহত সাত সেনা জওয়ানকে উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানটি সেনাবাহিনীর ২৪ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে ভাড়া নেওয়া হয়েছিল। ওই গাড়িতে থাকা জওয়ানরা চূড়াচাঁদপুরের দিকে যাচ্ছিলেন।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। কীভাবে এই সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখতে পুলিশ ও সেনা কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *