বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : শিলচর মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল (এসএমসিঅ্যান্ডএইচ)-এর হাসপাতাল ম্যানেজমেন্ট সোসাইটির গভর্নিং বডি গঠন করা হল। বডির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন মন্ত্রী কৌশিক রায়। এছাড়া বডির সদস্য হিসেবে রয়েছেন জেলার চার বিধায়ক।
অসম সরকারের মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্টের এক বিজ্ঞপ্তিতে শিলচর মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল (এসএমসিঅ্যান্ডএইচ)-এর হাসপাতাল ম্যানেজমেন্ট সোসাইটি (HMS)-র গভর্নিং বডি গঠনের ঘোষণা করা হয়েছে।
অসম সরকারের ২০২৫ সালের ২৭ অক্টোবরের বিজ্ঞপ্তি নং MER.495138/541-এর বিধান অনুযায়ী, রাজ্যপালের অনুমোদনে এই গভর্নিং বডি গঠন করা হয়েছে। কাছাড় জেলার প্রশাসনিক আওতাধীন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা ও কার্যক্রমে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গভর্নিং বডির চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের মন্ত্রী কৌশিক রায়কে। ভাইস-চেয়ারম্যান হিসেবে থাকবেন কাছাড়ের জেলা কমিশনার। অধ্যক্ষ কাম অধীক্ষককে সম্পাদক করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন উধারবন্দ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজদীপ গোয়ালা, কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বড়খলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর নাথ এবং শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ রাজদীপ রায়।
এছাড়াও সদস্য হিসেবে থাকবেন অসমের মেডিক্যাল এডুকেশনের ডিরেক্টর, কাছাড়ের জয়েন্ট ডিরেক্টর অব হেলথ সার্ভিসেস, এডিসি (স্বাস্থ্য), শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইস-প্রিন্সিপাল ও সুপারিনটেনডেন্ট।
গভর্নিং বডিতে কাছাড়ের মিউনিসিপ্যাল বোর্ড/টাউন কমিটির প্রতিনিধি, কাছাড় জেলা পরিষদের সভাপতি বা তাঁর প্রতিনিধি, মেডিক্যাল কলেজের তিনজন বিভাগীয় প্রধান (রোটেশনের ভিত্তিতে), IMA-র স্থানীয় শাখার প্রতিনিধি, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধি, APDCL-এর প্রতিনিধি এবং PWD (B)-এর প্রতিনিধিকেও সদস্য করা হয়েছে। এছাড়াও শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের হাসপাতাল কর্মীদের একজন প্রতিনিধি, প্রতিষ্ঠানের স্থানীয় ট্রেজারি অফিসার/FAO এবং দুইজন প্রাক্তন ছাত্র (Alumni Members) গভর্নিং বডির সদস্য হিসেবে থাকবেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থাপনা ও হাসপাতাল পরিষেবার সমন্বয় আরও সুসংগঠিত হবে বলে মনে করা হচ্ছে।
এ দিকে, শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল শুরু থেকেই সোনাই বিধানসভা কেন্দ্রে ছিল। ডিলিমিটেশনের পর মেডিক্যাল কলেজটি বড়খলার কেন্দ্র চলে যায়। কিন্তু দীর্ঘদিন সোনাই কেন্দ্রে থাকা সত্বেও সোনাই বিধায়ক আমিনুল হক লস্করককে গভর্নিং বডিতে রাখা হয়নি। অথচ উধারবন্দ, শিলচর ও কাটিগড়ার বিধায়করা স্থান পেয়েছেন। এ নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ দেখা দিয়েছে।



