বরাক তরঙ্গ, ৩০ জুন : ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয় (ইউএসটিএম)-এর বায়োডাইভার্সিটি পার্কে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো ‘সামার ব্রেক ২০২৬ উইথ সিজনাল ফ্রুটস’ অনুষ্ঠান। প্রকৃতির সান্নিধ্যে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ইউএসটিএম পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। সোমবার আয়োজিত অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিভিন্ন ধরনের মৌসুমি ফল পরিবেশন। অংশগ্রহণকারীরা একসঙ্গে মৌসুমি ফলের স্বাদ উপভোগ করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আন্তরিকতার বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলেন। সবুজে ঘেরা বায়োডাইভার্সিটি পার্কের মনোরম পরিবেশ অনুষ্ঠানে এক ভিন্নমাত্রা যোগ করে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এমন আয়োজন শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সুস্থ জীবনযাপন, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা, প্রাণচাঞ্চল্য ও আনন্দঘন আবহ।

হাসি, আনন্দ ও ইতিবাচক শক্তিতে ভরপুর এই আয়োজন নতুন শিক্ষাবর্ষকে স্বাগত জানানোর এক অনন্য উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে আগামী একাডেমিক সেশনকে নতুন আশা, উদ্যম ও কর্মস্পৃহা নিয়ে শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন ইউএসটিএম পরিবারের সদস্যরা।




