বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শৰ্মাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে ‘আব্দুল মোতালেব’ নামে একটি অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার চলছিল। সেই লাইভ সম্প্রচারের কমেন্ট বক্সেই মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
অভিযোগ অনুযায়ী, ওই অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, কেউ এক কোটি টাকা দিলে মুখ্যমন্ত্রীকে হত্যা করা হবে। যোগাযোগের জন্য একটি ফোন নম্বরও কমেন্টে দেওয়া হয়। পাশাপাশি, ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান লেখার অভিযোগও উঠেছে। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে অশালীন ও কুরুচিকর মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগ।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হুমকির পেছনে কারা রয়েছে এবং অ্যাকাউন্টটি সত্যিই ওই ব্যক্তির কি না, তা তদন্ত করে দেখার দাবি উঠেছে। একইসঙ্গে, অভিযোগের সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।




