এস পাল, বড়খলা।
বরাক তরঙ্গ, ৫ জুলাই : কাছাড় জেলার বড়খলা থানার অন্তর্গত হরিণছড়া এলাকায় এক ‘হিট অ্যান্ড রান’ পথ দুর্ঘটনায় সুরজলাল বাউরি নামে এক ব্যক্তির মৃত্যু ঘিরে শনিবার গভীর রাত পর্যন্ত উত্তেজনা ছড়ায়। দুর্ঘটনায় গুরুতর আহত সুরজলাল বাউরিকে প্রথমে বড়খলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শনিবার রাত সাড়ে এগারোটা থেকে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা হরিণছড়ায় জাতীয় সড়ক অবরোধ করেন। জেলা কমিশনার ঘটনাস্থলে না আসা পর্যন্ত অবরোধ না তোলার দাবিতে অনড় থাকেন বিক্ষোভকারীরা।
অবশেষে রাত প্রায় আড়াইটার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। জানা গেছে, দুর্ঘটনার পর বাইক আরোহী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।



