বদরপুরে এক্সপ্রেস ট্রেন থেকে গাঁজা উদ্ধার, আটক যাত্রী

Spread the news

এস পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৫ জুলাই :
শনিবার রাতে নিয়মিত তল্লাশির সময় আরপিএফ ও জিআরপির যৌথ দল ১৫৬২৬ নম্বরের আগরতলা–দেওঘর সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনের D1 কোচের ২৫ নম্বর আসনে এক যাত্রীকে সন্দেহজনক অবস্থায় দেখতে পায়। পরে তাকে বদরপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে তল্লাশি চালানো হয়।

এনডিপিএস আইনের বিধি মেনে তল্লাশি চালিয়ে তার ট্রলি ব্যাগ থেকে মোট ১০.১৮০ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। আটক যুবকের নাম বিশাল দেববর্মা, বয়স ২০ বছর। তিনি ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা জেলার সিদ্ধাই থানার অন্তর্গত হেজামারা এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিশাল জানায়, ত্রিপুরার আদ্দেয় দেববর্মা নামে এক ব্যক্তি তাকে ব্যাগটি দিয়েছিল। ব্যাগটি গুয়াহাটি রেলস্টেশনের কাছে এক অজ্ঞাত ব্যক্তির কাছে পৌঁছে দিলে তাকে ২ হাজার টাকা দেওয়ার কথা ছিল। তবে ওই ব্যক্তির পূর্ণাঙ্গ ঠিকানা সে জানাতে পারেনি।

ঘটনার পর আটক ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে রেলওয়ে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *