দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা ও স্বচ্ছতাকে গুরুত্ব দিয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে এক আলোচনা সভায়। কোনও কোনও প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষাপটে ভোটারদের দায়িত্বশীল ভূমিকা পালনের উপর গুরুত্ব দেন বক্তারা। সংবাদপত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব রণবীর রায়ের ২৩তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে শুক্রবার শিলচর প্রেস ক্লাব ও বরাক নাগরিক সংসদের উদ্যোগে আয়োজিত হয় ‘শিলচরের পুর নিগম নির্বাচন ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা। অনুষ্ঠানে ‘রণবীর রায় স্মারক সাংবাদিকতা পুরস্কার’ প্রদান করা হয় সাংবাদিক ও সম্পাদক বিশ্বদীপ গুপ্তকে।
আলোচনায় শিক্ষাবিদ অধ্যাপক নিরঞ্জন দত্ত বলেন, দীর্ঘদিনের অপেক্ষার পর পুর নির্বাচন হচ্ছে। নির্বাচনের পর নাগরিকদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে কি না, তা নিয়ে মানুষের মধ্যে প্রত্যাশা রয়েছে। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। অযোগ্য বা দুর্নীতিগ্রস্ত প্রার্থীরা নির্বাচিত হলে তার প্রভাব পাঁচ বছর নাগরিকদের বহন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে রণবীর রায় হত্যাকাণ্ডের ২৩ বছর পরও সুবিচার না হওয়ায় প্রশ্ন তোলেন। তিনি বলেন, পুর নিগম নির্বাচনে ভোটারদের বাস্তব পরিস্থিতি বিবেচনা করে ভোট দেওয়া উচিত।
মালবিকা চৌধুরী বলেন, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের জন্য কাজ করবেন এমন প্রার্থীদের বেছে নেওয়া প্রয়োজন। প্রেস ক্লাবের সহ-সভাপতি রিতেন ভট্টাচার্য, সাংবাদিক নিখিল দাশ, বিইউসিএলের মুখ্য আহ্বায়ক কল্পার্ণভ গুপ্ত, যুব সংগঠক সৌরভ দেব, যুবনেতা জন্মেজয় চৌধুরী ও চিত্রসাংবাদিক সংগঠনের সভাপতি হিমাংশু দে-সহ অন্যরা বক্তব্য রাখেন। রণবীর রায়ের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করার পাশাপাশি তাঁর হত্যাকাণ্ডের বিচার না হওয়া নিয়েও বক্তারা প্রশ্ন তোলেন।
এ দিন ‘রণবীর রায় স্মারক সাংবাদিকতা পুরস্কার’ গ্রহণ করে বিশ্বদীপ গুপ্ত বলেন, ক্ষণিকের আবেগের পরিবর্তে প্রার্থীদের তুলনামূলক বিচার করে ভোট দেওয়া উচিত। পুরস্কার হিসেবে তাঁকে উত্তরীয়, পুষ্পস্তবক, সনদপত্র, স্মারক, কলম, অর্থ ও উপহার প্রদান করা হয়। পুরস্কার গ্রহণ করে তিনি বলেন, এই সম্মান আগামী দিনে তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিল।



