গুমড়া বাজারে সরকারি মার্কেট শেড দখলের চেষ্টার অভিযোগে তীব্র চাঞ্চল্য, তদন্তে বিডিও ও পুলিশ

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৭ আগস্ট :
কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্র এলাকার ঐতিহ্যবাহী গুমড়া বাজারে সরকারি মার্কেট শেড দখলের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি সরকারি জমিতে টিনের বেড়া তুলে দখলের চেষ্টা চালায়। সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের দাবি, কোনো সরকারি অনুমতি বা বৈধ প্রক্রিয়া ছাড়াই রাতের অন্ধকারে সরকারি সম্পত্তি দখলের এই চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। তাদের অভিযোগ, গুমড়া বাজারের সরকারি ভিটা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জটিলতা চলে আসছে। ফলে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন তারা।
ঘটনার খবর পেয়ে শুক্রবার গুমড়া পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান কালাইন উন্নয়ন খণ্ডের খণ্ড উন্নয়ন আধিকারিক (বিডিও)। তিনি বাজারের সরকারি মার্কেট শেড ও আশপাশের এলাকা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রাথমিক তদন্ত শেষে বিডিও জানান, বিষয়টি সার্কল অফিসারকে অবহিত করা হবে এবং তদন্তে সরকারি জমি দখলের অভিযোগের সত্যতা মিললে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপির পশ্চিম কাটিগড়া মণ্ডল সভাপতি। তিনি বলেন, সরকারি সম্পত্তি দখলের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া উচিত এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি তিনি জানান, গুমড়া বাজারের দীর্ঘদিনের সমস্যা সমাধানের লক্ষ্যে সম্প্রতি একটি কমিটি গঠন করা হয়েছে। বাজারে যাদের বৈধ নথিপত্র রয়েছে, তাদের সেই কাগজপত্র কমিটির কাছে জমা দেওয়ার আহ্বানও জানান তিনি।

সরকারি জমি দখলের অভিযোগ ঘিরে গুমড়া বাজারে তৈরি হওয়া এই পরিস্থিতি নিয়ে এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *