বরাক তরঙ্গ, ৫ জুন : উধারবন্দের লাঠিগ্রাম বাসিন্দা বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব, আলেম ও সমাজসেবক মওলানা তৈয়বুর রহমান বড়লস্কর (৮২) আর নেই। দীর্ঘদিন অসুস্থতার পর শুক্রবার দুপুর ১২টার দিকে নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দারুল উলুম বাঁশকান্দি মাদ্রাসায় কালেক্টর পদে যোগদান করেন। উত্তর-পূর্বাঞ্চলসহ বিভিন্ন স্থানে ৩৫ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পর ২০১১ সালে তিনি অবসর গ্রহণ করেন।
ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত সক্রিয়। দীর্ঘদিন উধারবন্দ আঞ্চলিক জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া গোড়াআলি জামে মসজিদের মোতাওয়াল্লি হিসেবে প্রায় ১০ বছর দায়িত্ব পালন করেছেন। তাবলিগ জামাতের সঙ্গেও তিনি নিবিড়ভাবে যুক্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি বড় ভাই, স্ত্রী, তিন ছেলে তিন মেয়ে, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এ দিন সন্ধ্যা ৭টায় কয়েক শতাধিক মুসল্লির উপস্থিতিতে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন দারুল উলুম বাঁশকান্দি মাদ্রাসার মুফতি ফয়জুল হক রাজবড়ভূইয়া।
মওলানা তৈইবুর রহমান বড়লস্করের মৃত্যুতে উধারবন্দসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



