মাতৃভূমি কাপের কোয়ার্টারে আয়ান এফসি

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : দুর্দান্ত ফুটবল ও দাপুটে পারফরম্যান্সের সুবাদে চলতি মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল আয়ান এফসি লোকনাথপুর। বুধবার ধলাইর বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা একপেশে লড়াইয়ে তাহের এফসি সপ্তগ্রামকে ৪-১ গোলে পরাজিত করে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আয়ান এফসি। প্রথমার্ধের ১২ মিনিটে ডি-বক্সের ঠিক সামনে বল পেয়ে দুর্দান্ত ভলিতে গোল করে দলকে এগিয়ে দেন সিদুলা। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রনিত। প্রথমার্ধে আর গোল না হওয়ায় ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় আয়ান এফসি।

প্রখর রৌদ্র উপেক্ষা করে এদিন ম্যাচ দেখতে মাঠে প্রচুর দর্শকের সমাগম হয়। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে দেয় আয়ান এফসি। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে একের পর এক আক্রমণ চালায় তারা। ৩৮ মিনিটে টমেরো এবং ৪০ মিনিটে ফের সিদুলা গোল করে ব্যবধান ৪-০ করেন। এদিন জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সিদুলা।

ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যায় তাহের এফসি। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে বাচ্চু একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানে জয় পায় আয়ান এফসি লোকনাথপুর। রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে জয়ের আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন আয়ান এফসির সমর্থকরা। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন টমেরো। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি ধলাইয়ের প্রাক্তন বিধায়ক নীহাররঞ্জন দাস, ধলাই-নরসিংহপুর জেলা পরিষদ সদস্যা পম্পী নাথ চৌধুরী এবং শ্যামাচরণপুর জিপির সভাপতি পৃথীশ চন্দ্র দাস।

এদিনের ম্যাচ পরিচালনা করেন শামিম আহমদ বড়ভূইয়া, প্রবীণ বর্মণ, টিটু লস্কর ও নুংশিতম্বী সিংহ। আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ জানান, বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচে লকেল এফসি সপ্তগ্রাম ও এপি ধলাই মুখোমুখি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *