২৩ জুলাই : নিট প্রশ্নফাঁস কাণ্ডকে ঘিরে দেশজুড়ে বিতর্ক ও রাজধানী দিল্লিতে চলমান ছাত্র বিক্ষোভের মধ্যে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্নপত্র ফাঁসের মামলাগুলির দ্রুত নিষ্পত্তি এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ এক পোস্টে প্রধানমন্ত্রী জানান, দেশের যুবসমাজের ভবিষ্যৎ ও কল্যাণ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি লেখেন, “আমাদের দেশের যুবসমাজের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক কোর্ট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। যারা দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনওভাবেই ছাড় দেওয়া হবে না।”
এদিকে, নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। কয়েকদিন ধরে আন্দোলনকে ঘিরে রাজধানীতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। গত সোমবার ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। বুধবার রাতেও বিভিন্ন এলাকায় বিক্ষোভ অব্যাহত ছিল।
বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছেন।
https://x.com/narendramodi/status/2080135258142617785?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2080135258142617785%7Ctwgr%5E0f0483f526eb2576a83aca558b5c8d2cfda50199%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Futtarbangasambad.com%2Fpm-modi-fast-track-courts-paper-leak-cases%2F
অন্যদিকে, বিরোধী দলগুলির অভিযোগ, গত এক দশকে দেশে বহু প্রশ্নফাঁসের ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রেই দোষীদের বিরুদ্ধে কার্যকর শাস্তির নজির নেই। তারা এ বিষয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতিরও দাবি জানিয়েছে।
এর আগে মঙ্গলবার প্রশ্নফাঁসের ঘটনাকে ‘ঘোর পাপ’ বলে আখ্যা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই অবস্থানকে আরও স্পষ্ট করে প্রশ্নফাঁস মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণা দিল কেন্দ্র সরকার।



