দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : পেনশন সুরক্ষার দাবিতে শিলচরে প্রতিবাদ কর্মসূচি পালন করল ফোরাম অফ সিভিল পেনশনস অ্যাসোসিয়েশন। দিল্লিতে আয়োজিত ধরনা ও সংসদ অভিযান কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বুধবার শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়।

কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে এনপিএস ও ইউপিএস বাতিল করে পুরনো পেনশন স্কিম পুনরায় চালু করার দাবিসহ মোট ১১ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে, বেতন ও পেনশনের সঙ্গে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা ও রিলিজ সংযুক্ত করা, অন্তর্বর্তীকালীন ভাতা প্রদান এবং ১০ বছর ৮ মাস পর কমিউটেড পেনশন পুনরায় চালু করা।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবন শেষে অবসর গ্রহণের পরও নিজেদের প্রাপ্য পেনশন ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রবীণ নাগরিকদের রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং শাসনব্যবস্থার জন্য লজ্জাজনক। অবসরপ্রাপ্ত কর্মচারীদের ন্যায্য অধিকার ও সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে সরকারের অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত বলেও তাঁরা দাবি জানান।
পেনশন ব্যবস্থার সুরক্ষা ও পুরনো পেনশন স্কিম পুনর্বহালের দাবিতে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান বক্তারা।



