বরাক তরঙ্গ, ২৬ জুন : আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার শিলচরের তারাপুরের মজুমদার বাজারে অবস্থিত আশা এহোপ ফাউন্ডেশনের নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে সমাজকর্মী ও আকসা ছাত্র সংগঠনের উপদেষ্টা বিশ্বজিৎ দেবকে বিশেষ সম্মাননা জানানো হয়। সংস্থার সম্পাদক সঞ্জীব দেব তাঁকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশ্বজিৎ দেব বলেন, যুবসমাজের মধ্যে মাদকের কুপ্রভাব দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় শুধু প্রশাসনের উদ্যোগ নয়, নাগরিক সমাজেরও সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। তিনি বলেন, মাদকের অপব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে এবং দেশকে মাদকমুক্ত করার অঙ্গীকার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে আশা এহোপ ফাউন্ডেশনের সভাপতি সজল দেব, রূপম কলিতা, প্রসেনজিৎ দেবসহ সংস্থার অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা সমাজভিত্তিক উদ্যোগ, সচেতনতা কর্মসূচি এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষার বিভিন্ন উপায় নিয়ে মতবিনিময় করেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে, যাতে তরুণ প্রজন্মকে নেশা থেকে দূরে রেখে একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলেই নেশামুক্ত ভারত গড়ার শপথ গ্রহণ করেন।



