বরদুয়ারে ভয়াবহ শিলাবৃষ্টি, শ শ বিঘা ধানের ফসল নষ্ট

Spread the news

সোনালি ধান ঘরে তোলার আগেই কৃষকদের স্বপ্নভঙ্গ, সরকারি ক্ষতিপূরণের দাবি

বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : পলাশবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লোহারঘাট এলাকার বরদুয়ার মৌজায় ঝড়ের সঙ্গে আছড়ে পড়া প্রবল শিলাবৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে এলাকার জোজি, গণকপাড়া, সতপুর, মারাভিটা, ভেলেরাসহ একাধিক গ্রামের কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে বিস্তীর্ণ ধানখেত তছনছ হয়ে পড়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোনালি ধান ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এই শিলাবৃষ্টির ফলে এলাকার শত শত বিঘা জমির ধান মাটিতে লুটিয়ে পড়েছে। বহু জায়গায় পাকা ধান ঝরে পড়ে নষ্ট হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার ইতিহাসে এই প্রথম এমন ভয়াবহ শিলাবৃষ্টির ঘটনা ঘটল। ধান কাটার মরশুমে এই প্রাকৃতিক বিপর্যয়ে বরদুয়ার মৌজার কৃষিনির্ভর পরিবারগুলির মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।

শুধু কৃষিজমিই নয়, ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে এলাকার ঘরবাড়ি, গাছপালা এবং গবাদিপশুরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির তীব্রতা এতটাই বেশি ছিল যে ধানখেত, রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের বাড়িঘর পর্যন্ত শিলায় ঢেকে যায়।

মুহূর্তের মধ্যে শত শত কৃষকের সারা বছরের পরিশ্রম ও স্বপ্ন ভেঙে পড়ায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। যত্ন করে ফলানো সোনালি ফসল চোখের সামনে নষ্ট হয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

এলাকার এক মহিলা কান্নাভেজা কণ্ঠে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, তাঁদের এখন আর কোনও ফসল অবশিষ্ট নেই। কান্না ছাড়া তাঁদের সামনে আর কোনও পথ খোলা নেই। এই পরিস্থিতিতে অবিলম্বে মুখ্যমন্ত্রীকে বরদুয়ার মৌজার ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে দুর্গত কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত সরকারি আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *