মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে বাংলা সাহিত্য সভাকে ২০ লক্ষ টাকার অনুদান

Spread the news

বরাক তরঙ্গ, ৪ জুলাই : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা তাঁর ব্যক্তিগত তহবিল থেকে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালি সাহিত্য-সংস্কৃতির অন্যতম সংগঠন ‘বাংলা সাহিত্য সভা, অসম’-কে এককালীন ২০ লক্ষ টাকার অনুদান মঞ্জুর করেছেন। সংগঠনের বাংলা ডিটিপি ও প্রি-প্রেস ইউনিট স্থাপন, অনুবাদ কার্যক্রম, গ্রন্থ প্রকাশ এবং বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে এই অর্থ ব্যয় করা হবে।

জানা গেছে, শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগুর উদ্যোগ ও আগ্রহে এই অনুদান অনুমোদিত হয়েছে। শনিবার শিক্ষামন্ত্রীর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর স্বাক্ষরিত ২০ লক্ষ টাকার চেক সংগঠনের প্রতিনিধিদের হাতে তুলে দেন তিনি। চেক গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বাংলা সাহিত্য সভা, অসম’-এর সভাপতি খগেনচন্দ্র দাস, উপদেষ্টা কৃষ্ণাঞ্জন চন্দ, সমাজকর্মী অজিতকুমার সেন, সম্পাদক-লেখক তুষারকান্তি সাহা, গুয়াহাটি শাখার সভাপতি অসীম সরকার, সাধারণ সম্পাদক জয়া নাথ-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই অসম সরকারের বাংলা মাধ্যমের পাঠ্যপুস্তক প্রণয়ন, সম্পাদনা ও অনুবাদের কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে ‘বাংলা সাহিত্য সভা, অসম’। নতুন এই অনুদানের ফলে সংগঠনের প্রকাশনা ও অনুবাদ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। গুয়াহাটির পাণ্ডু এলাকায় সংগঠনের কার্যালয়ের সঙ্গে একটি আধুনিক প্রি-প্রেস ইউনিটও গড়ে তোলা হবে।

বর্তমানে উত্তরবঙ্গ সফরে থাকা সংগঠনের সাধারণ সম্পাদক ড. প্রশান্ত চক্রবর্তী মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “বরাক ও ব্রহ্মপুত্র—দুই উপত্যকার বাঙালিদের মধ্যে সাংস্কৃতিক ঐক্য ও প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় করা সময়ের দাবি। সরকারের এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।”

এই অনুদানকে রাজ্যের বাঙালি সমাজ ও সাহিত্যপ্রেমীরা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন। সংগঠনের সভাপতি খগেনচন্দ্র দাস দুই উপত্যকার সাহিত্য-সংস্কৃতিমনা বাঙালিদের ঐক্যবদ্ধভাবে বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্যভিত্তিক কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *