৭ আগস্ট : ইয়েমেনের মধ্য ও পূর্বাঞ্চলে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের পৃথক হামলায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিরাপত্তা বাহিনীর অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক সেনাসদস্য। ২০২২ সালের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির পর এটিকে সবচেয়ে বড় সামরিক সংঘর্ষগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।
সরকারি সূত্রগুলো জানায়, মারিব ও হাদরামাউত প্রদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণাধীন একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেন।
ইয়েমেনের সেনাবাহিনী হামলার ঘটনা নিশ্চিত করলেও আনুষ্ঠানিকভাবে হতাহতের বিস্তারিত সংখ্যা প্রকাশ করেনি। তবে সরকারি কর্মকর্তাদের দাবি, নিহতের সংখ্যা অন্তত ৩০ এবং আহত হয়েছেন ৫০ জনের বেশি।
হামলার বিষয়ে হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সামরিক অভিযানের বিষয়ে শিগগিরই বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হবে।



