বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন দুধপাতিল খলিলপার হাফিজা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল মজিদ তালুকদার। বৃহস্পতিবার রাত ২টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬১ বছর। তাঁর বাড়ি দুধপাতিল পঞ্চম খণ্ড এলাকায়।
হাইলাকান্দি থেকে ফেরার পথে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে থাকা ব্যক্তিরা দ্রুত তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।

আব্দুল মাজিদ তালুকদারের আদি বাড়ি হোজাই জেলার বাকসায়। কর্মসূত্রে দীর্ঘদিন দূধপাতিল খলিলপার এলাকায় বসবাস করার সুবাদে তিনি স্থানীয় মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র হয়ে উঠেছিলেন। ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও তাঁর বিশেষ অবদান ছিল। এলাকার অনাথ ও অসহায় শিশুদের পাশে দাঁড়াতে তিনি একটি এতিমখানা প্রতিষ্ঠা করেন। তাঁর এই উদ্যোগ বহু দরিদ্র শিশুর আশ্রয় ও সহায়তার মাধ্যম হয়ে ওঠে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই দূধপাতিল খলিলপার-সহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুসংবাদ পেয়ে সোনাই বিধায়ক আমিনুল হক লস্কর তাঁর বাসভবনে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাঁদের সান্ত্বনা দেন।
শুক্রবার সন্ধ্যায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে এলাকার সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



