
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : পাথারকান্দির কৃষকদের জন্য সুখবর এবার থেকে সরকারি নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি)-এ ধান বিক্রির সুযোগ পেতে চলেছেন এলাকার কৃষকরা। পাথারকান্দি সমজেলার অধীনে প্রথম ধান সংগ্রহ কেন্দ্র চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুক্রবার প্রস্তাবিত কেন্দ্রটি পরিদর্শন করেন পাথারকান্দির সমজেলা আয়ুক্ত ত্রিদিব রায়। তাঁর সঙ্গে ছিলেন খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের পরিদর্শক রাজীব দাস। আগামী কয়েক দিনের মধ্যেই কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা। এই কেন্দ্র চালু হলে কৃষকরা তাঁদের উৎপাদিত ধান সরাসরি সরকারি সংগ্রহ কেন্দ্রে বিক্রি করতে পারবেন। ফলে ন্যায্য মূল্য প্রাপ্তির পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের উপর নির্ভরশীলতা ও বাধ্য হয়ে কম দামে ধান বিক্রির প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, পাথারকান্দি অঞ্চলের বহু পরিবার কৃষিকাজের উপর নির্ভরশীল। তাঁদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কৃষকদের আর্থিক স্বনির্ভরতা কৃষিজীবিকার উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে ধান সংগ্রহ কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসম সরকারের কৃষককল্যাণমূলক উদ্যোগের ধারাবাহিকতায় এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।



