বরাক তরঙ্গ, ১১ মে : আসাম বিশ্ববিদ্যালয়ের হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগ সম্প্রতি শ্রীভূমি জেলায় এক সচেতনতামূলক ও আউটরিচ কর্মসূচির আয়োজন করে। বিভাগের কর্মমুখী পাঠ্যক্রম সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অ্যাকাডেমিক সহযোগিতা সুদৃঢ় করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
এই প্রচারাভিযানে নেতৃত্ব দেন বিভাগের প্রধান অধ্যাপক সঞ্জীবকুমার সাক্সেনা। তাঁর সঙ্গে ছিলেন সহকারী অধ্যাপক ড. প্রণবেশরঞ্জন চক্রবর্তী ও গবেষক হিমলয় বরিক। প্রতিনিধি দল জেলার বিভিন্ন কলেজ পরিদর্শন করে অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলীর সঙ্গে মতবিনিময় করেন এবং বর্তমান কর্মসংস্থানমুখী বাজারে আতিথেয়তা ও পর্যটন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
প্রচারাভিযানের সময় প্রতিনিধি দল দেশ-বিদেশে আতিথেয়তা ও পর্যটন শিল্পে ক্রমবর্ধমান কর্মসংস্থানের সুযোগ, শিল্পক্ষেত্রের ভবিষ্যৎ সম্ভাবনা, বিভাগের অত্যাধুনিক পরিকাঠামো, অ্যাকাডেমিক সুবিধা এবং ব্যবহারিক প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করে। সংশ্লিষ্ট কলেজগুলির শিক্ষক ও অধ্যক্ষরা ছাত্রছাত্রীদের এই বিষয়ে আরও সচেতন করার আশ্বাস দেন।

কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধি দল করিমগঞ্জ কলেজ, রবীন্দ্রসদন কলেজ ও নবীনচন্দ্র কলেজ পরিদর্শন করে সংশ্লিষ্ট অধ্যক্ষদের সঙ্গে সাক্ষাৎ করেন। অধ্যক্ষরা বিভাগের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ভবিষ্যতের কর্মসংস্থানের ক্ষেত্রে আতিথেয়তা ও পর্যটন ব্যবস্থাপনার মতো পেশাভিত্তিক শিক্ষার গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই উদ্যোগ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অ্যাকাডেমিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তাঁরা মত প্রকাশ করেন।



