জাতীয় সড়ক নিরাপদ রাখার বার্তা আসাম রাইফেলসের, তামেংলঙে গ্রামবাসীর সঙ্গে বৈঠক

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ জুন : মণিপুরের তামেংলং জেলায় শান্তি, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে উদ্যোগ আরও জোরদার করল আসাম রাইফেলস। জেলার কাইমাই এলাকায় ওনিমলং গ্রামের গ্রাম পরিষদ ও সম্প্রদায়ের নেতাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কোম্পানি কমান্ডার গ্রামবাসীদের উদ্দেশে বলেন, বাইরের কোনও অশান্ত পরিস্থিতি যেন এলাকার শান্তিপূর্ণ পরিবেশ, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং স্বাভাবিক জনজীবনে প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
আসাম রাইফেলসের পক্ষ থেকে গুজব ও ভুয়ো তথ্যের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনও সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ নজরে এলে দ্রুত নিরাপত্তা বাহিনীকে জানাতে গ্রামবাসীদের অনুরোধ করা হয়।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, স্থানীয় মানুষের সুরক্ষা নিশ্চিত করতে নজরদারি, নিয়মিত টহল এবং অন্যান্য সক্রিয় নিরাপত্তা ব্যবস্থা আগামীতেও অব্যাহত থাকবে। বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ৩৭ নম্বর জাতীয় সড়ক সর্বদা খোলা, নিরাপদ ও যান চলাচলের উপযোগী রাখার ওপর, যাতে সাধারণ মানুষের যাতায়াত, জরুরি পরিষেবা এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ নির্বিঘ্নে চলতে পারে।

গ্রাম পরিষদের প্রতিনিধিরা শান্তি ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে অসম রাইফেলসের ধারাবাহিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *