বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : এশিয়ান গেমসে সোনা জিতে অসমের গৌরব বাড়ানো বক্সার লাভলীনা বরগোহাঁইকে একের পর এক উপহার দিচ্ছে রাজ্য সরকার। পদোন্নতি ও ৫০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার পর এবার মাত্র ১ টাকার বিনিময়ে তাঁকে ৩ বিঘা জমি বরাদ্দ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।
লাভলীনা বরগোহাঁই বক্সিং অ্যাকাডেমি প্রতিষ্ঠার উদ্দেশ্যে বরাদ্দ করা জমির প্রিমিয়াম মাশুল প্রতি বিঘায় মাত্র ১ টাকায় কমিয়ে আনার প্রস্তাবে শুক্রবার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সিদ্ধান্তের কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, অসমের গর্ব লাভলীনা বরগোহাঁইয়ের হাত ধরে রাজ্য থেকে আরও বেশি আন্তর্জাতিক মানের বক্সার গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে অসম সরকার। পলাশবাড়ি রাজস্ব চক্রে লাভলীনা বক্সিং অ্যাকাডেমি স্থাপনের জন্য নির্দিষ্ট জমি বরাদ্দের ক্ষেত্রে প্রিমিয়াম মাশুল মাত্র ১ টাকায় কমিয়ে আনার প্রস্তাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।

ভারতীয় ক্রীড়াক্ষেত্রে বক্সার তথা অলিম্পিক পদকজয়ী লাভলীনার কৃতিত্ব, অবদান এবং নতুন প্রজন্মের উচ্চাকাঙ্ক্ষী খেলোয়াড়দের অনুপ্রাণিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, পলাশবাড়ি রাজস্ব চক্রের চয়নী মৌজার অন্তর্গত হুদুমপুর গ্রামে অবস্থিত ৩ বিঘা জমি লাভলীনা বক্সিং অ্যাকাডেমি প্রতিষ্ঠার জন্য বরাদ্দ করা হবে। এই অ্যাকাডেমির মাধ্যমে আগামী দিনে অসম থেকে আরও প্রতিভাবান বক্সার উঠে আসবে বলে আশা করা হচ্ছে।



