দরজায় হাত দিতেই বিদ্যুতের ঝটকা, বাথরুমে মিলল গৃহবধূর নিথর দেহ

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : রাজধানী আগরতলা শহরের বড়জলা এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম বুল্টি সূত্রধর (৩০)। স্বামী হরেকৃষ্ণ সূত্রধর পেশায় মোটর শ্রমিক।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কাজ সেরে বাড়ি ফিরে হরেকৃষ্ণ সূত্রধর দেখেন, তাঁদের ছেলে দোতলার বাথরুমে স্নান করছে। ছেলের কাছ থেকে তিনি জানতে পারেন, তাঁর মা নিচতলার বাথরুমে রয়েছেন। এরপর স্ত্রীর নাম ধরে একাধিকবার ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে সন্দেহ হয় তাঁর।

নিচে নেমে বাথরুমের দরজায় হাত দিতেই তিনি বিদ্যুতের ঝটকা অনুভব করেন। পরিস্থিতি বুঝে দ্রুত উপরে গিয়ে মেন সুইচ বন্ধ করে আবার নিচে ফিরে আসেন। পরে বাথরুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, স্ত্রী বুল্টি সূত্রধর মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন।

চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে তাঁদের সহায়তায় গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে দ্রুত জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ও পোড়া দাগ রয়েছে। তবে এগুলি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ফল কিনা, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনার প্রকৃত কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *