মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : জুতোর ভেতরে বিশেষভাবে তৈরি গোপন কুঠুরিতে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল পাথারকান্দি পুলিশ। তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে ১৫টি সোনার বিস্কুট। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৭৬০ গ্রাম এবং আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী এর আনুমানিক মূল্য ১ কোটি ৬ লক্ষ ৪০ হাজার টাকা। ঘটনায় আসলাম শেখ ইমতিয়াজ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আইজল থেকে আসা একটি যাত্রীবাহী সুমো গাড়িতে সোনা পাচারের গোপন খবর পেয়ে পাথারকান্দি পুলিশ বিশেষ তল্লাশি অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার গতিবিধি ও কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় দেহ তল্লাশির পাশাপাশি জুতোরও পরীক্ষা করা হয়। তখনই সামনে আসে পাচারের অভিনব কৌশল।
অভিযুক্তের পরিহিত জুতোর ভেতরে তৈরি করা বিশেষ গোপন অংশে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল ১৫টি সোনার বিস্কুট। পুলিশ সেগুলি উদ্ধার করে বাজেয়াপ্ত করার পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। দীর্ঘ জিজ্ঞাসাবাদে ধৃত যুবক তার বাড়ি মহারাষ্ট্রে বলে জানিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া সোনা কোনো সুসংগঠিত আন্তঃরাজ্য বা সীমান্তপারের পাচারচক্রের অংশ হতে পারে। সোনার উৎস, সম্ভাব্য গন্তব্য এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, মিজোরাম-ত্রিপুরা-অসম করিডোর দিয়ে সাম্প্রতিক সময়ে মাদক, সোনা ও অন্যান্য অবৈধ সামগ্রী পাচারের একাধিক ঘটনা সামনে এসেছে। ফলে সীমান্তবর্তী এলাকায় নজরদারি ও তল্লাশি আরও জোরদার করেছে পুলিশ। পাথারকান্দির এই অভিযানে বড়সড় সাফল্য মিলেছে বলে মনে করছেন তদন্তকারীরা। পাচারচক্রের মূল শিকড়ে পৌঁছতে তদন্ত অব্যাহত রয়েছে।



