বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : সংস্কৃত বিষয়ে ৯৮ শতাংশ নম্বর প্রভা দেবীকে সংবর্ধনা জানালো গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ। বৃহস্পতিবার বিভাগের উদ্যোগে দুপুর একটায় একটি সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, সদ্য ঘোষিত আসাম উচ্চমাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় সমগ্র অসমে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প্রভা দেবী সংস্কৃত বিষয়ে ৯৮ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে এবং সামগ্রিক ভাবে ৯৫ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। সেই জন্য আজ সংস্কৃত বিভাগের পক্ষ থেকে তাকে অভিনন্দন জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে সংস্কৃত বিভাগের বরিষ্ঠ অধ্যাপিকা রেবা রায়, বিভাগীয় প্রধান ড. সন্ধানী নাথ, ড. কেশব লুইটেল এবং অন্যান্য বিভাগের অধ্যাপকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলেই তার উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। উল্লেখ্য যে, প্রভা দেবী আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শান্তি পোখরেল এবং পদ্মা দেবীর কন্যা।



