২২০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৪ বছরের শিশু, উদ্ধারে নামল সেনা ও NDRF

Spread the news

১ জুলাই : আবারও মুখ খোলা কুয়োয় বিপদ। খেলতে খেলতে অরক্ষিত, মুখ খোলা ২২০ ফুট গভীর পাতকুয়োয় পড়ে গেল চার বছরের শিশু। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে হরিয়ানার অম্বালা জেলার বারারা এলাকার ধানৌরা গ্রামে। শিশুর পড়ে যাওয়ার খবর ছড়াতে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তড়িঘড়ি খবর যায় পুলিশে। খবর পেয়ে উদ্ধারকাজে নামে সেনা ও NDRF। মাত্র ৯ ইঞ্চি চওড়া ব্যাসের কুয়ো থেকে শিশুটিকে উদ্ধার কার্যত চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিপদগ্রস্ত শিশুটির নাম নির্ভয়। মঙ্গলবার সকালে তাঁর বাবা ও পরিবারের চার সদস্যদের সঙ্গে মাঠে গিয়েছিল শিশুটি। পরিবারের বড়দের অলক্ষ্যে মাঠে খেলা করে বেড়াচ্ছিল সে। সেই সময়ে অসাবধানতাবশত খোলা অবস্থায় থাকা বোরওয়েলের মুখ গলে নিচে পড়ে যায় শিশুটি। তাঁর আর্ত চিৎকার শুনে ছুটে আসে সকলে। প্রথমে পরিবারের সদস্যরা নিজেরাই উদ্ধারের চেষ্টা করেন, পরে পুলিশ ও প্রশাসনকে খবর দেওয়া হয়।

জেলা প্রশাসনের প্রাথমিক অনুমান, নির্ভয় নামের চার বছরের ওই শিশুটি খোলা পাতকুয়োটি দেখতে পেয়ে তার ভিতরে উঁকি দিয়ে দেখতে গিয়েছিল। কিন্তু চারপাশের মাটি ভেজা ও পিচ্ছিল থাকায় আচমকা পিছলে বা ভারসাম্য হারিয়ে নীচে পড়ে যায়। উদ্ধারকারী দল সূত্রে খবর, শিশুটি পাতকুয়োর একেবারে তলায় আটকে রয়েছে। গর্তে পাঠানো হচ্ছে শিশুর প্রয়োজনীয় অক্সিজেন। উদ্ধারকারীরা সমান্তরালভাবে মাটি খুঁড়ে বিকল্প পথ তৈরির কৌশলও ব্যবহার করছেন যাতে নিরাপদে শিশুটিকে বাইরে আনা যায়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, নির্ভয়কে অক্ষত ভাবে উদ্ধারের লক্ষ্য এখনও চলছে সেনার অভিযান।

এই ঘটনা ২০০৬ সালে হরিয়ানার বহুচর্চিত ‘প্রিন্স’ নামের শিশুর পাতকুয়োয় পড়ে যাওয়া ও উদ্ধারের স্মৃতি ফিরিয়ে এনেছে। সে বারও দীর্ঘ অভিযানের পর সেনাবাহিনী ওই শিশুকে জীবিত উদ্ধার করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *