হাইলাকান্দিতে মাদকবিরোধী অভিযানে সাফল্য, ইয়াবা সহ গ্রেফতার ৭

Spread the news

বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : মাদকবিরোধী অভিযানে ফের সাফল্য পেল হাইলাকান্দি পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পাশাপাশি সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য দুই লক্ষাধিক টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জ্যেষ্ঠ পুলিশ সুপার অমিতাভ সিনহার নেতৃত্বে হাইলাকান্দি জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে সাতজনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হল টেম্পুর পাইকানের মৈনা মিয়া বড়ভূইয়া (৪৫), উজানকুপা দ্বিতীয় খণ্ডের আবু হানিফ লস্কর (৩২), উজানকুপার আনোয়ার হুসেন লস্কর, নারায়ণপুর প্রথম খণ্ডের নুরুল ইসলাম মজুমদার (৫১), লখিরবন্দ দ্বিতীয় খণ্ডের নহিম উদ্দিন চৌধুরী (৩৪), বোয়ালিপার বড়জুরাইয়ের তুতা মিয়া লস্কর (৩৫) এবং পাইকান দ্বিতীয় খণ্ডের বিকি শব্দকর (৩১)।

অভিযানে উদ্ধার হওয়া ৪০০টি ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য দুই লক্ষাধিক টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। জেলার বিভিন্ন প্রান্তে মাদকের অবৈধ কারবার বন্ধ করতে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *