বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : উৎসবের মরশুমকে সামনে রেখে শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে নারী উদ্যোক্তাদের বিশেষ ফ্যাশন ও হস্তশিল্প মেলা ‘আগমনী উৎসব’। আগামী ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত হাইলাকান্দি রোডের মাতৃ ভবনে এই মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা। দিশান্ত ক্রিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে শিলচরের ৩৩ জন নারী উদ্যোক্তা তাঁদের নিজস্ব হাতে তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় থাকছে হাতে তৈরি ব্যাগ, নান্দনিক ডিজাইনের শাড়ি ও পোশাক, আংটি ও বিভিন্ন ধরনের জুয়েলারি, গোপাল ঠাকুরের পোশাক, সুগন্ধি মোমবাতি এবং রূপচর্চার সামগ্রী। পাশাপাশি থাকছে ঘরোয়া খাবার, মিষ্টি ও স্থানীয় চাহিদার উপযোগী বিভিন্ন খাদ্যসামগ্রী।
মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন দীপশিখা রায়, সোনালী বণিক, রাজশ্রী দেব ধর, নবনীতা পাল, জলি সাহা, চুমকি নাথ, রৌজি দাস, শিপ্রা দাস, চন্দ্রা ভট্টাচার্য এবং শতরূপা রায়-সহ আরও অনেকে। তাঁরা নিজেদের তৈরি পণ্যের বৈশিষ্ট্য, নকশা ও তৈরির প্রক্রিয়া সম্পর্কে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
উদ্যোক্তারা জানান, ‘আগমনী উৎসব’-এর মূল উদ্দেশ্য হল উৎসবের মরশুমে স্থানীয় নারী উদ্যোক্তাদের পণ্য ও উদ্যোগের প্রচার-প্রসারে সহায়তা করা এবং ক্রেতাদের সামনে মৌলিক হস্তশিল্প ও ঘরোয়া পণ্য তুলে ধরা। তাঁদের আশা, এই মেলার মাধ্যমে স্থানীয় হস্তশিল্পী ও খাদ্যপ্রস্তুতকারকদের বাজার আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের আর্থিক স্বনির্ভরতা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতেও এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।



