১২ অক্টোবর : জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে মাইন বিস্ফোরণে মৃত্যু হল লস্কর-ই-তৈবার শীর্ষ কম্যান্ডার মহম্মদ ফৈজান-সহ চার জঙ্গির। রবিবার পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটি সেক্টরে এই ঘটনা ঘটে। ঘটনার পর নিয়ন্ত্রণরেখা বরাবর নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করেছে ভারতীয় সেনা।
একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণরেখা দিয়ে অনুপ্রবেশ রুখতে সীমান্তবর্তী এলাকায় মাইন পুঁতে রেখেছে ভারতীয় সেনা। অভিযোগ, অনুপ্রবেশের উদ্দেশ্যে ভারতে ঢোকার চেষ্টা করার সময় ওই মাইন বিস্ফোরণের কবলে পড়ে জঙ্গিদের দলটি। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে লস্কর-ই-তৈবার শীর্ষ কম্যান্ডার মহম্মদ ফৈজান ছাড়াও ওয়াকাস, ইশতিয়াক ও আসিম নামে আরও তিন জঙ্গি রয়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে।
এই ঘটনার পর পুঞ্চের সীমান্তবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি নিয়ন্ত্রণরেখা বরাবর নজরদারি বাড়ানোর পাশাপাশি অনুপ্রবেশের সম্ভাবনা মোকাবিলায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
অন্যদিকে, পুঞ্চ জেলার মেন্ধর সেক্টরের বাসোনি এলাকায় সীমান্তের কাছে আরও দু’টি ল্যান্ডমাইন উদ্ধার করেছেন সেনা জওয়ানরা। রাস্তা নির্মাণের কাজ চলাকালীন মাইন দু’টি নজরে আসে। পরে সেগুলি নিষ্ক্রিয় করা হয়। সেনা সূত্রে খবর, গত এক সপ্তাহে ওই এলাকা থেকে প্রায় এক ডজন ল্যান্ডমাইন উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে।




