বরাক তরঙ্গ, ২ মে : শিলচর ডিএসএ-র পরিচালনায় অনসূয়া দাস স্মৃতি বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে শুক্রবার বিকেলে। ডিএসএ-র ব্যাডমিন্টন ইনডোরে তিন দিনের এই প্রতিযোগিতা চলবে রবিবার পর্যন্ত। এদিকে, প্রথমদিনই জমে উঠেছে প্রতিযোগিতার আসর। অংশ নিয়েছেন মোট ১৪২ জন প্রতিযোগী। অনূর্ধ্ব-৯ বয়েজ সিঙ্গলসের ফাইনালে উঠেছে জ্ঞানজ্যোতি দাস এবং গেব্রিয়েল, অনূর্ধ্ব গার্লস ফাইনালে উঠেছে পরিধি সিং ও পরিতিনি সিং। অনূর্ধ্ব-১১ গার্লস ফাইনালে আদ্রিতি সিংহ-র বিপক্ষে খেলবেন সিনথালেইমি। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরোহিত্য করেছেন সংস্থার সহ সভাপতি অজয় চক্রবর্তী। এছাড়া অতিথি ও কর্মকর্তাদের মধ্যে উপস্থিত হন ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম, সহ সচিব অরিজিৎ গুপ্ত ও অজয় রায়, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, ইনডোর সচিব অনিমেষ চন্দ, শঙ্কর সরকার, চন্দন শর্মা, স্পনসর পক্ষে শিবপ্রদ দে ও তার পুত্র সৌরভদে। প্রতিযোগিতা সম্পর্কে বলতে গিয়ে দেবাশিস সোম বলেন, মোট ১০টি গ্রুপের খেলা হচ্ছে এবার। সেগুলি হল ছেলে-মেয়েদের অনূর্ধ্ব ৯. অনূর্ধ্ব ১১, অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব ১৯ সহ পুরুষ সিঙ্গেল, পুরুষ ডাবলস, মিক্সড ডাবলস ও ভেটেরান ডাবলস।
প্রতিযোগীদের উদ্দেশে দেবাশিস বলেন, ‘তুমরা তোমাদের সেরা খেলা প্রদর্শনের চেষ্টা কর। এখান থেকেই আমরা জেলা দল গঠন করবো। জেলার হয়ে ভালো খেলতে পারলে রাজ্য দলের হয়ে খেলার সুযোগ পাবে। তাই এই প্রতিযোগিতা তোমাদের কাছে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ।’ জানান, অনুমোদিত ক্লাব এবং প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
প্রতিযোগিতা করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় স্পনসর দে পরিবারকে ধন্যবাদ জানান অজয় চক্রবর্তী। ডিএসএ-র পক্ষ থেকে স্পনসর পরিবারের হাতে ধন্যবাদসূচক স্মারকও তুলে দেওয়া হয়।



