দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৫ মে : ধলাই সমজেলা আয়ুক্ত কার্যালয়ে শুক্রবার বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন ধলাইয়ের নবনির্বাচিত বিধায়ক অমিয়কান্তি দাশ। বিকেল পাঁচটায় সমজেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, পূর্ত, আবগারীসহ মোট নয়টি বিভাগের আধিকারিক উপস্থিত ছিলেন। পাশাপাশি ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তিনটি ব্লকের বিডিও ও অ্যাসিস্ট্যান্ট বিডিওরাও বৈঠকে অংশ নেন।
বৈঠকে ধলাই বিধানসভা কেন্দ্র তথা ধলাই সম-জেলার বর্তমান প্রশাসনিক পরিস্থিতি, উন্নয়নমূলক কাজের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে পরিচিতি পর্বও অনুষ্ঠিত হয়।
ধলাই সম-জেলা আয়ুক্ত রক্তিম হাজারিকার সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন জনমুখী প্রকল্পের বাস্তবায়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।
বিধায়ক অমিয়কান্তি দাশ বৈঠকে বলেন, “আমাদের একটাই লক্ষ্য— উন্নয়নের আলো ধলাইয়ের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া এবং একটি সমৃদ্ধ, সুসংগঠিত ও বিকশিত ধলাই গড়ে তোলা।”
প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে উপস্থিত ছিলেন ধলাই সমজেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার দীক্ষা সরকার, রাজনেশ শর্মা, অমাজিৎ চন্দ, কৃষ্ণজীবন দেবনাথ প্রমুখ। এদিন ধলাই সমজেলা প্রশাসন ও বিভিন্ন বিভাগের পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়ক অমিয়কান্তি দাশকে উষ্ণ সংবর্ধনাও জানানো হয়।



