জলাবদ্ধতা থেকে শিক্ষক, স্বাস্থ্যসংকট দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান চেয়েও বিধানসভায় সরব
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ মে : বরাক উপত্যকার অর্থনীতি রক্ষায় দ্রুত ভারত-বাংলাদেশ বাণিজ্য স্বাভাবিক করে শ্রীভূমির সুতারকান্দি আন্তর্জাতিক স্থলবন্দর পুনরায় চালুর দাবিতে অসম বিধানসভায় সরব হলেন দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। একইসঙ্গে বরাক উপত্যকায় বাড়তে থাকা মাদক ও ড্রাগস পাচার রুখতে সরকারের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিও জানান তিনি। বিধানসভায় প্রথমবার প্রশ্ন উত্থাপনের সুযোগ পেয়ে অধ্যক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চৌধুরী বলেন, বরাক উপত্যকার অর্থনীতির অন্যতম লাইফলাইন সুতারকান্দি আন্তর্জাতিক স্থলবন্দর দীর্ঘদিন ধরে কার্যত বন্ধ থাকায় ব্যবসায়ী, শ্রমিক, পরিবহন কর্মীসহ হাজার হাজার মানুষ চরম সংকটে পড়েছেন।
তিনি বলেন, কেন্দ্র সরকারের এক নির্দেশের জেরে ভারত ও বাংলাদেশের মধ্যে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে রয়েছে। ফলে প্রতিদিন কোটি কোটি টাকার বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা যেমন আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, তেমনি বহু শ্রমজীবী মানুষের জীবিকাও অনিশ্চয়তার মধ্যে চলে গেছে।
বিধায়ক আরও বলেন, শ্রীভূমি, কাছাড় ও হাইলাকান্দি জেলার অর্থনৈতিক বিকাশের সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে সুতারকান্দি বন্দর। এটি শুধু একটি সীমান্ত বাণিজ্য কেন্দ্র নয়, বরং ভারত-বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। তাই বরাক উপত্যকার মানুষের স্বার্থে দ্রুত এই বন্দর দিয়ে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু করা অত্যন্ত জরুরি।
তিনি বিধানসভার মাধ্যমে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানান। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, সীমান্ত অঞ্চলের মানুষের স্বার্থ ও বরাক উপত্যকার অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে তিনি আপসহীনভাবে সোচ্চার।।এদিন বরাক উপত্যকায় ক্রমবর্ধমান মাদক পাচার নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন আমিনুর রশিদ চৌধুরী। তিনি বলেন, সীমান্তবর্তী অঞ্চলগুলোকে ব্যবহার করে যেভাবে অবাধে মাদক কারবার চলছে, তা সমাজের জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যুব সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বিধায়ক বলেন, “মাদক শুধু একটি অবৈধ ব্যবসা নয়, এটি সমাজ ধ্বংসের এক নীরব অস্ত্র। যুব সমাজকে রক্ষা করতে হলে এখনই কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।” তিনি সীমান্তে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা জোরদার এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বানও জানান তিনি।
অধিবেশনে প্রথমবার বক্তব্য রাখার সুযোগ পেয়ে আবেগাপ্লুত বিধায়ক অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করার সুযোগ পেয়ে তিনি গর্বিত এবং ভবিষ্যতেও জনগণের স্বার্থ রক্ষায় সোচ্চার থাকবেন।
বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীর এই বক্তব্যের পর বরাক উপত্যকার বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের আশা, দ্রুত কেন্দ্র ও রাজ্য সরকার বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
এ দিন জলাবদ্ধতা, শিক্ষক সংকট ও স্বাস্থ্য পরিষেবার বেহাল চিত্র তুলে ধরে অসম বিধানসভায় সরব হন তিনি। বিধায়ক শ্রীভূমি জেলা সদর ও দক্ষিণ করিমগঞ্জের দীর্ঘদিনের সমস্যা তুলে ধরেন। সামান্য বৃষ্টিতেই শহরে কৃত্রিম বন্যা সৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। স্থায়ী জলনিকাশি ব্যবস্থা, ড্রেন সংস্কার ও খাল পরিষ্কারের দাবি জানান বিধায়ক। পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষক সংকট, ভাঙাচোরা সড়ক ও দুর্বল স্বাস্থ্য পরিষেবা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র হস্তক্ষেপ কামনা করে দ্রুত পদক্ষেপের আহ্বান জানান তিনি।



