রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ জুলাই : শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে শুক্রবার দুই অ্যাম্বুলেন্স চালকের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। পার্কিং নিয়ে শুরু হওয়া বাগ্বিতণ্ডা পরবর্তীতে হাতাহাতি এবং ছুরিকাঘাতের ঘটনায় রূপ নেয়। এতে গুরুতর জখম হন রাজু কর নামে এক অ্যাম্বুলেন্স চালক।
জানা গেছে, হাসপাতাল চত্বরে পার্কিংকে কেন্দ্র করে রাজু কর ও বাপ্পু লস্করের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। অভিযোগ, এক পর্যায়ে বাপ্পু লস্কর ধারালো অস্ত্র দিয়ে রাজু করের শরীরের পাঁচ থেকে ছয়টি স্থানে আঘাত করেন।
রাজু করকে উদ্ধার করতে এগিয়ে আসা কয়েকজন নিরাপত্তারক্ষীও আহত হন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। গুরুতর আহত রাজু করকে দ্রুত শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত বাপ্পু লস্করকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বাড়ি আতাল বস্তি এলাকায়, আর আহত রাজু করের বাড়ি দুর্গাপল্লী এলাকায়।
এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বজরং দলের কর্মীরা হাসপাতালে উপস্থিত হয়ে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কিছু সময়ের জন্য হাসপাতাল চত্বরে উত্তেজনা বিরাজ করলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।



