দ্বিতীয় বিয়ের অভিযোগ, প্রথম স্ত্রীকে ঘরে তালাবন্দি করে নির্যাতন! কালাইনে পুলিশের উপস্থিতিতে উদ্ধার গৃহবধূ

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : প্রথম স্ত্রী ও তিন সন্তান থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে কাছাড়ের কালাইন লক্ষীপুর দ্বিতীয় খণ্ড এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, দ্বিতীয় বিয়ের পর থেকেই প্রথম স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার উদ্দেশ্যে তাঁর উপর মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালানো হচ্ছিল। বুধবার সন্ধ্যায় পরিস্থিতি চরমে পৌঁছালে ওই গৃহবধূকে ঘরের ভিতর তালাবন্দি করে রাখা হয় বলে অভিযোগ। পরে পুলিশের উপস্থিতিতে ঘরের তালা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, লক্ষীপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা মফুর আলীর ছেলে আজাব আলির সঙ্গে প্রায় ১৭ বছর আগে বিয়ে হয় আলিমুন নেসার। তাঁদের দাম্পত্য জীবনে রয়েছে তিন সন্তান। নির্যাতিতার ভাই মাসুম উদ্দিনের অভিযোগ, পরবর্তীতে আজাব আলী হালিনা বেগম চৌধুরী নামে অন্য এক মহিলাকে দ্বিতীয় বিয়ে করেন।
এরপর থেকেই প্রথম স্ত্রী আলিমুন নেসাকে বাড়ি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাঁর উপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হচ্ছিল বলে অভিযোগ। বুধবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ সেই বিরোধ আরও তীব্র আকার ধারণ করে।

এজাহারে মাসুম উদ্দিন অভিযোগ করেছেন, ওই সময় তাঁর বোনকে ঘরের ভিতরে আটকে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পরিবারের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশের উপস্থিতিতে ঘরের তালা ভেঙে আলিমুন নেসাকে উদ্ধার করা হয়।

ঘটনার পর নির্যাতিতার ভাই মাসুম উদ্দিন কালাইন থানায় তাঁর ভগ্নিপতি আজাব আলির বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

তবে দ্বিতীয় বিয়ে, নির্যাতন এবং গৃহবধূকে তালাবন্দি করে রাখার অভিযোগ সম্পর্কে অভিযুক্ত আজাব আলী বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *