মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষাদানের গুণগত মান উন্নয়ন এবং পরীক্ষায় পাশের হার বাড়াতে তৎপর হয়ে উঠেছে পাথারকান্দি প্রশাসন। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার পাথারকান্দি সমজেলার দু’টি বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করেন পাথারকান্দি সিডিসির সহকারী কমিশনার সীমান্ত বিশ্বাস।
এদিন তিনি টুকেরবাজার হাইস্কুল এবং জাফরগড় এক্সটেন্ডেড সিনিয়র সেকেন্ডারি স্কুল পরিদর্শন করে বিদ্যালয়গুলির সার্বিক কার্যক্রম খতিয়ে দেখেন। পাশাপাশি পড়ুয়াদের উপস্থিতির হার, শিক্ষাদানের মান, পড়াশোনার পরিবেশ এবং বিদ্যালয়ের পরিচ্ছন্নতা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।

পরিদর্শনকালে বিদ্যালয়গুলির পরীক্ষার ফলাফল ও পাশের হার আরও উন্নত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সহকারী কমিশনার। নিয়মিত ক্লাস পরিচালনা, মানসম্মত শিক্ষাদান এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য শিক্ষক-শিক্ষিকাদের প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি।
এছাড়া বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে বাড়ানো এবং শিক্ষাদানের গুণগত মান উন্নত করার বিষয়ে কড়া বার্তা দেন সিমন্ত বিশ্বাস। বিদ্যালয়ের ভবন ও চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পড়াশোনার উপযুক্ত পরিবেশ বজায় রাখার ওপরও জোর দেন তিনি।

প্রশাসনের লক্ষ্য, বিদ্যালয়গুলিতে শিক্ষার পরিবেশ আরও উন্নত করার পাশাপাশি ছাত্রছাত্রীদের সামগ্রিক শিক্ষাগত পারফরম্যান্সের উন্নতি ঘটানো। একই সঙ্গে বিদ্যালয়গুলিকে সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, বিদ্যালয়গুলির পরীক্ষার ফলাফল ও পাশের হার বাড়ানোর লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সরাসরি বিদ্যালয় পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবারের এই পরিদর্শনের মাধ্যমে পড়ুয়াদের উপস্থিতি, শিক্ষাদানের মান এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন সহকারী কমিশনার সীমান্ত বিশ্বাস।



