জি-৭ সম্মেলনেও চর্চায় ‘মেলোডি’! মোদিকে দেখেই মেলোনি বললেন, ‘আমরাই সবচেয়ে বিখ্যাত জুটি’

Spread the news

১৭ জুন : বিশ্ব রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে ‘মেলোডি’ ম্যাজিক। ফ্রান্সে আয়োজিত জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের উপস্থিতির মাঝেই ফের একবার মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে গ্রুপ ছবির জন্য লাইনে দাঁড়ানোর আগে দুই নেতার একটি সংক্ষিপ্ত ও উষ্ণ কথোপকথনের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। ভিডিওতে দেখা যায়, মোদি মেলোনির সঙ্গে হাত মেলানোর সময় তাঁদের ইন্টারনেট জনপ্রিয়তার প্রসঙ্গ তোলেন। জবাবে স্বভাবসুলভ হাসিতে মেলোনি বলেন, ‘হ্যাঁ, আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি।’

দুই রাষ্ট্রপ্রধানের এই ‘রসায়ন’ অবশ্য নতুন নয়। গত মাসে রোম সফরের সময় মেলোনিকে এক প্যাকেট ভারতের জনপ্রিয় ‘পার্লে মেলোডি’ টফি উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেই মিষ্টি মুহূর্তের ভিডিও শেয়ার করে ইটালির প্রধানমন্ত্রী লিখেছিলেন, ‘ধন্যবাদ এই উপহারের জন্য।’ ২০২৩ সাল থেকে ইন্টারনেট ব্যবহারকারীদের তৈরি করা এই ‘মেলোডি’ (মেলোনি ও মোদির নামের মিশ্রণ) ট্রেন্ডটিকে এখন দুই রাষ্ট্রপ্রধানই বেশ উপভোগ করছেন। বিগত বছরগুলোর ধারাবাহিকতা বজায় রেখে চলতি ২০২৬ সালের জি-৭ মঞ্চেও তার প্রতিফলন দেখা গেল।

তবে বিশেষজ্ঞদের মতে, এই রসায়ন শুধু ফ্রেমবন্দি ছবি বা সোশ্যাল মিডিয়ার মজার ট্রোলিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আসলে ভারতের সক্রিয় বিদেশনীতির একটি সফল প্রতিফলন।  বর্তমানে ইটালি ভারতের অন্যতম প্রধান আন্তর্জাতিক অংশীদার হয়ে উঠেছে। ‘ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোর’-এর মাধ্যমে রোম এখন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের জন্য ইউরোপের প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করছে। একই সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ইতিমধ্যে ১৬.৭৭ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। সম্প্রতি রোমের ঐতিহাসিক কলোসিয়ামে দুই নেতার নৈশভোজ ও গভীর দ্বিপাক্ষিক আলোচনা প্রমাণ করে যে, পর্দার পেছনের এই কূটনৈতিক সম্পর্কও ‘মেলোডি’র মতোই দিনে দিনে আরও মজবুত হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *