বরাক তরঙ্গ, ১ অক্টোবর : সরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলিতে এমবিবিএস ও বিডিএস কোর্সের ফি একলাফে কয়েক গুণ বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাল এআইডিএসও-র অসম রাজ্য কাউন্সিল। সংগঠনের অভিযোগ, সরকারের এই সিদ্ধান্ত জনবিরোধী ও ছাত্রবিরোধী এবং এর ফলে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের বহু মেধাবী শিক্ষার্থীর চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনার সুযোগ সংকুচিত হবে।
এআইডিএসও-র অসম রাজ্য সম্পাদক হেমন্ত পেগু এক প্রেস বিবৃতিতে জানান, এতদিন রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলিতে এমবিবিএস পড়ার বার্ষিক খরচ সাধারণ ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের নাগালের মধ্যেই ছিল। তাঁর দাবি, ফি বৃদ্ধির আগে বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে বার্ষিক খরচ সাধারণত ২০ থেকে ২৮ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। নতুন ফি কাঠামোয় এমবিবিএসের বার্ষিক ফি ১ লক্ষ টাকা এবং বিডিএসের ফি ৭৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
সংগঠনের বক্তব্য, গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর ও যোরহাটের মতো মেডিক্যাল কলেজগুলিতে আগে ভর্তি ফি, টিউশন ফি ও পরীক্ষা ফি তুলনামূলকভাবে কম ছিল। সেখানে নতুন করে বিপুল অঙ্কের নির্ধারিত ফি চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তকে তারা উচ্চশিক্ষার ব্যয়বৃদ্ধি ও বাণিজ্যিকীকরণের প্রবণতা হিসেবে দেখছে।
এআইডিএসও-র অভিযোগ, মেধার ভিত্তিতে মেডিক্যাল শিক্ষায় সুযোগ পেয়েও অনেক মধ্যবিত্ত ও সাধারণ পরিবারের শিক্ষার্থী বাড়তি আর্থিক বোঝার কারণে পড়াশোনা চালিয়ে যেতে সমস্যায় পড়তে পারেন। আয়ভিত্তিক ফি নির্ধারণের সরকারি যুক্তি নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, মেডিকেল শিক্ষার বাণিজ্যিকীকরণ, বেসরকারিকরণ ও কেন্দ্রীকরণের প্রবণতা রোধে সরকারের নীতির পরিবর্তন প্রয়োজন। এআইডিএসও-র দাবি, শিক্ষা কোনো ব্যবসায়িক পণ্য নয়; এটি মানুষের মৌলিক অধিকার। তাই ফি বাড়ানোর পরিবর্তে সরকারি মেডিকেল শিক্ষায় আরও বেশি ভর্তুকি দেওয়ার দাবি জানানো হয়েছে।



