
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : অরুণাচল প্রদেশে বৃহৎ নদী বাঁধ নির্মাণের বিরোধিতায় আন্দোলনরত ছাত্রছাত্রী ও যুবকদের উপর সরকারের দমনমূলক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)। সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি সৌরভ ঘোষ ও সাধারণ সম্পাদক শিবাসিস প্রহরাজ এক প্রেস বিবৃতিতে এই নিন্দা জানান। বিবৃতিতে তাঁরা বলেন, অরুণাচল প্রদেশের ভূমি ও পরিবেশ রক্ষার দাবিতে আন্দোলনকারীদের উপর দমন-পীড়ন চালানো, আধা সামরিক বাহিনী মোতায়েন এবং ‘অরুণাচল প্রদেশ বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন’ (APUAPA)-এর অধীনে আন্দোলনকারীদের গ্রেপ্তার করার ঘটনা গণতান্ত্রিক অধিকারের সরাসরি লঙ্ঘন। এর মাধ্যমে স্থানীয় জনগণের কণ্ঠস্বর স্তব্ধ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তাঁরা।
সংগঠনের নেতৃদ্বয় জানান, প্রস্তাবিত ১১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট’ (SUMP) বাস্তবায়িত হলে অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার পাশাপাশি হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হতে পারেন। একই সঙ্গে এই অঞ্চলের পরিবেশ ও বাস্তুতন্ত্রের অপূরণীয় ক্ষতির আশঙ্কা রয়েছে। জনগণের এই উদ্বেগ ও আশঙ্কার কথা শোনার পরিবর্তে সরকার বলপ্রয়োগের পথ বেছে নিয়েছে এবং নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে আন্দোলন দমনের চেষ্টা চালাচ্ছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। জনগণের ইচ্ছা ও স্বার্থের বিরুদ্ধে গিয়ে এত বড় প্রকল্প জোরপূর্বক বাস্তবায়ন করা উচিত নয় বলে স্পষ্ট মত প্রকাশ করে এআইডিএসও।

বিবৃতিতে অবিলম্বে সমস্ত দমনমূলক পদক্ষেপ বন্ধ, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রত্যাহার এবং আটক আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। পাশাপাশি ভয়ভীতি প্রদর্শনের নীতি পরিহার করে স্বাভাবিক ও গণতান্ত্রিক পরিবেশে খোলামেলা আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এআইডিএসও-র পক্ষ থেকে আরও বলা হয়, হিমালয় অঞ্চলের ঢালু এলাকা পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল এবং ভূমিকম্পপ্রবণ। তাই এ ধরনের বৃহৎ প্রকল্পের ক্ষেত্রে পরিবেশ বিশেষজ্ঞ, বিজ্ঞানী এবং প্রকল্পের প্রত্যক্ষ প্রভাবের মুখে পড়তে পারেন এমন স্থানীয় জনগণের মতামতকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
পরিশেষে অরুণাচল প্রদেশের ভূমি, পরিবেশ ও জনস্বার্থ রক্ষার দাবিতে চলমান ঐতিহাসিক আন্দোলনের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেছে এআইডিএসও।



