নজিরবিহীন ঘটনা সোনাই পুরসভার ডিলিমিটেশন! সংখ্যালঘু রাজনীতি খতমের ব্লু-প্রিন্ট : আমিনুল

Spread the news

আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : ২০২৭ সালের পুরসভা নির্বাচনকে সামনে রেখে সোনাই পৌরসভা এলাকায় সংখ্যালঘু রাজনীতি খতম করার চক্রান্ত চলছে বলে অভিযোগ তুলেছেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। বুধবার নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত সোনাই পুরসভা দখলের উদ্দেশ্যে অসমের মধ্যে নজিরবিহীন ডিলিমিটেশন প্রক্রিয়া চালানো হচ্ছে বলে মন্তব্য করেন আমিনুল।

তিনি বলেন, অসমের কোথাও পুরসভার স্বীকৃতি লাভের মাত্র চার বছরের মধ্যে ডিলিমিটেশনের এমন নজির নেই। প্রাক্তন বিধায়ক এনামুল হক লস্করের সময়ে ১১টি ওয়ার্ড নিয়ে সোনাই শহরের সৃষ্টি হয়। পরবর্তীতে ওই ১১টি ওয়ার্ড নিয়েই সোনাই পুরসভার সীমানা গঠন করা হয় এবং পুরসভা নির্বাচনের মধ্য দিয়ে বোর্ড গঠিত হয়।

কিন্তু ২০২৭ সালের পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সোনাই পৌরসভায় রহস্যজনক ডিলিমিটেশন নিয়ে প্রশ্ন তোলেন আমিনুল। তিনি বলেন, বিগত বিধানসভা নির্বাচনে পুরসভার ১১টি ওয়ার্ডের মধ্যে ৭টিতে কংগ্রেস লিড পেয়েছিল। পুরসভা নির্বাচনেও একই অবস্থান বজায় থাকলে বিজেপির পরাজয় নিশ্চিত। সেই বিষয়টি মাথায় রেখেই ২০২৭ সালের পৌরসভা নির্বাচনের ঠিক আগে রহস্যজনক ডিলিমিটেশন প্রক্রিয়া চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আমিনুল বলেন, গত ৩ নভেম্বর সরকারি নির্দেশে ১০ নভেম্বরের মধ্যে ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে। অর্থাৎ আজ বুধবার, ১০ নভেম্বর ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পন্ন করার শেষ দিন। অথচ সোনাই পৌরসভা এলাকার ভোটারদের পাশাপাশি স্থানীয় বিধায়ককেও অন্ধকারে রেখে বিতর্কিত ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পন্ন করার চক্রান্ত চলছে বলে অভিমত ব্যক্ত করেন আমিনুল।

তিনি আরও বলেন, বিগত পঞ্চায়েত নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় দু’হাজার ভোটার নিয়ে গ্রুপ গঠন করা হয়েছিল। আবার মাত্র ১৮০ জন ভোটার নিয়েও গ্রুপ তৈরির নজির সৃষ্টি করা হয়। সোনাই পুরসভা দখলের উদ্দেশ্যে সংখ্যালঘু মুসলিমদের ভবিষ্যৎ রাজনীতি চিরতরে খতম করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পঞ্চায়েত ডিলিমিটেশনের ধাঁচে সোনাই পুরসভায় নিজেদের সুবিধামতো দু’টি আসন তৈরির লক্ষ্যে রহস্যজনক ডিলিমিটেশন কার্যকর করা হলে সর্বশক্তি দিয়ে এর মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দেন আমিনুল।

তিনি বলেন, পুরসভা এলাকার ভোটাররা ডিলিমিটেশন চাননি। কিন্তু সাধারণ মানুষকে অন্ধকারে রেখে বিতর্কিত ডিলিমিটেশন করা হলে পৌরসভা এলাকায় ঝড় উঠবে। সোনাই পুরসভায় বিজেপির এই চক্রান্ত ভেস্তে দিতে সবাইকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানান আমিনুল।

পাশাপাশি তিনি বলেন, সোনাই পুরসভার বিভিন্ন অনৈতিক কার্যকলাপে সাধারণ মানুষ যখন উপযুক্ত সময়ের অপেক্ষায় রয়েছেন, ঠিক সেই মুহূর্তে বিজেপির জুলুমবাজির রাজনীতির উপযুক্ত জবাব দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *