বিএমপি সর্বজনীন কালীপূজা কমিটির উদ্যোগে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান

Spread the news

বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : দীপাবলি ও কালীপূজা উপলক্ষে বিএমপি সর্বজনীন শ্রী শ্রী কালীপূজা কমিটির উদ্যোগে সোমবার সন্ধ্যায় ধলাই সমজেলার অধীন নরসিংহপুর ২য় খণ্ড, পয়লা নম্বর গ্রামে আয়োজিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। কচিকাঁচাদের মনোজ্ঞ নৃত্য-গীতের পরিবেশনা এবং বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যের ছন্দে এদিন মুখরিত হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠান প্রাঙ্গণ। প্রায় পঞ্চাশ জন শিশু শিল্পীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আনন্দঘন ও উৎসবমুখর আবহ ধারণ করে। ক্ষুদে শিল্পীদের প্রতিভা ও নান্দনিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বরাক উপত্যকার নিজস্ব লোকসংস্কৃতির ধারক ও বাহক ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যের পরিবেশনা। এই পরিবেশনার মধ্য দিয়ে স্থানীয় লোকসংস্কৃতির ঐতিহ্য ও শিকড়কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক সুন্দর প্রয়াস পরিলক্ষিত হয়।

এদিন নরসিংহপুর টুডে ফেসবুক পেজের স্বত্বাধিকারী দেবু নাথ আয়োজক কমিটির সকল কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে সম্মাননা জ্ঞাপন করেন। তাঁর এই উদ্যোগকে উপস্থিত সকলে সাধুবাদ জানান। গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সমাজকর্মী কমলেশ দাশ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা এমন একটি সুন্দর ও ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য কমিটির সকল কর্মকর্তা ও উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। তাঁরা বলেন, এ ধরনের অনুষ্ঠান কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। তাঁরা মা কালীর চরণে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্থ-সুন্দর জীবন কামনা করেন এবং আগামী দিনেও এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি কৃপাসিন্দু নাথ চৌধুরী, সহ-সভাপতি শিপন নাথ, সম্পাদক সঞ্জয় নাথ, সহ-সম্পাদক সন্তু নাথ, কোষাধ্যক্ষ শংকর দাস, সহ-কোষাধ্যক্ষ দেবাশীষ নাথ (দেবু), সদস্য বেবি দাশ, প্রাণেশ নাথ, দুর্গেশ নাথ, পান্না নাথ, প্রদীপ দাশ প্রমুখ। এছাড়াও উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন দিনেশ নাথ, কিশলয় দাস, চন্দন নাথ চৌধুরী, প্রণত নাথ চৌধুরী, সুজিত নাথ, কুঞ্জলাল নাথ চৌধুরী, কুশল নাথ চৌধুরী, বাবুল দাস, সুদীপ নাথ চৌধুরী, অখিল নাথ, মৃত্যুঞ্জয় নাথ, মৃন্ময় নাথ, রামেশ্বর চৌহান-সহ কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *