পিতা কবীন্দ্র পুরকায়স্থের মরণোত্তর পদ্মশ্রী গ্রহণ করলেন কণাদ

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ জুন : দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী (মরণোত্তর) সম্মানে ভূষিত হলেন অসমের বিশিষ্ট সমাজসংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থ। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক গৌরবময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র হাত থেকে এই সম্মান গ্রহণ করেন তাঁর পুত্র সাংসদ কণাদ পুরকায়স্থ।

জনসেবামূলক ক্ষেত্রে অসামান্য অবদান, দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড এবং সাংগঠনিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থকে এই মর্যাদাপূর্ণ সম্মানে সম্মানিত করা হয়েছে। তাঁর কর্মজীবন জুড়ে তিনি উত্তর-পূর্ব ভারতের সামাজিক ও সাংগঠনিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বরাক উপত্যকা, ব্রহ্মপুত্র উপত্যকা, ত্রিপুরা, মণিপুরসহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা এবং কার্যক্রম সম্প্রসারণে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তাঁকে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছিল।
রাজনৈতিক ও সামাজিক জীবনে সততা, নিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য তিনি সর্বমহলে সমাদৃত ছিলেন। তাঁর প্রয়াণের পরও সমাজের নানা স্তরের মানুষ তাঁর অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে চলেছেন।

রাষ্ট্রপতির হাত থেকে প্রাপ্ত এই পদ্মশ্রী সম্মান শুধু কবীন্দ্র পুরকায়স্থের কর্মময় জীবনের স্বীকৃতি নয়, বরং উত্তর-পূর্ব ভারতের সামাজিক ও সাংগঠনিক বিকাশে তাঁর অসামান্য অবদানের জাতীয় স্বীকৃতি হিসেবেও বিবেচিত হচ্ছে। এই সম্মানে গর্বিত তাঁর পরিবার, শুভানুধ্যায়ী এবং সমগ্র অসম তথা উত্তর-পূর্ব ভারতের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *