নলবাড়িতে রাজ্যব্যাপী মাদক ধ্বংস কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রীর

Spread the news

মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীল নীতিতে আরও কড়া অসম সরকার

বরাক তরঙ্গ, ১২ জুলাই : সমাজের জন্য মরণব্যাধি হয়ে ওঠা মাদকের বিরুদ্ধে ‘শূন্য সহনশীল’ (জিরো টলারেন্স) নীতি আরও কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে অসম সরকার রাজ্যজুড়ে বৃহৎ মাদক ধ্বংস কর্মসূচি শুরু করেছে। রবিবার নলবাড়ির দৌলাশালস্থিত ১৪তম অসম পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ক্যাম্পাসে এই রাজ্যব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।

এই উপলক্ষে রবিবার কেন্দ্রীয় সরকারের সহায়তায় নির্মিত নিরাপদ মাদক ধ্বংসকরণ কেন্দ্রেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পরে প্রতীকীভাবে রোড রোলার চালিয়ে মাদক ধ্বংস কার্যক্রমের সূচনা করেন তিনি। অসম পুলিশের বিভিন্ন অভিযানে বাজেয়াপ্ত করা প্রায় ৪৭২.৫১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য আগামী প্রায় ১০ দিনের মধ্যে ধ্বংস করা হবে। ধ্বংসের তালিকায় রয়েছে হেরোইন, গাঁজা, কফ সিরাপ, আফিম, মরফিন ও কোকেনসহ বিভিন্ন ধরনের মাদক। একই সঙ্গে রাজ্যের প্রতিটি জেলায়ও সমান্তরালভাবে মাদক ধ্বংস অভিযান পরিচালিত হচ্ছে বলে সরকার জানিয়েছে।

মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সমাজকে মাদকমুক্ত করতে অসম সরকারের অভিযান কোনওভাবেই থেমে থাকবে না। ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপের মাধ্যমে মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে এবং এই বিষয়ে সরকারের ‘শূন্য সহনশীল’ নীতি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *