৭৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি, বাকি ২৬৮ আসনে লড়াইয়ে ৭৩৩ প্রার্থী
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : টানা এক মাসেরও বেশি সময় ধরে চলা ত্রিপুরার পুর নির্বাচনের প্রচারপর্ব বুধবার শেষ হয়েছে। শেষ দিন পর্যন্ত বিভিন্ন পুর এলাকায় ভোটারদের মন জয় করতে প্রচারে ব্যস্ত ছিলেন রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মীরা। আগামী শুক্রবার, ২৭ নভেম্বর, কড়া নিরাপত্তার মধ্যে রাজ্যের ১৬টি পুর এলাকায় অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এর মধ্যে রয়েছে আগরতলা পুর নিগমও।
রাজ্যের ২১টি পুর প্রতিষ্ঠানের মোট ৩৪৫টি আসনের মধ্যে ইতিমধ্যেই ৭৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসকদল বিজেপি। ফলে বাকি ২৬৮টি আসনে এবার সরাসরি নির্বাচনী লড়াই হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১০ নভেম্বরের পর প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোট ৭৩৩ জন প্রার্থী।
নির্বাচনে বিশেষ নজর রয়েছে আগরতলা পুর নিগমের দিকে। রাজ্যের বৃহত্তম এই পুর প্রতিষ্ঠানের ৫১টি আসনের মধ্যে ২৫টি মহিলাদের জন্য সংরক্ষিত। প্রার্থী সংখ্যার নিরিখে এগিয়ে বিজেপি। দলটির ২৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিপিএমের ২২৮ জন এবং কংগ্রেসের ২০১ জন প্রার্থী রয়েছেন। বিজেপির জোটসঙ্গী তিপ্রা মথা ১০টি আসনে প্রার্থী দিয়েছে। পাশাপাশি ২৯ জন নির্দল ও অন্যান্য দলের প্রার্থীও লড়াইয়ে রয়েছেন।

কমিশনের হিসাব অনুযায়ী, ৭০৪টি বুথে ভোটগ্রহণ হবে। আটটি জেলার পাঁচ লক্ষ ৬৫ হাজারেরও বেশি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাঁদের মধ্যে মহিলা ভোটার প্রায় ২.৮৮ লক্ষ।
অন্যদিকে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। গোটা রাজ্যে ১০ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে প্রায় তিন হাজার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৩৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়ার সম্মতি জানিয়েছে। পাশাপাশি প্রায় সাত হাজার টিএসআর ও রাজ্য পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবেন। ভোট পরিচালনায় নিয়োগ করা হয়েছে ৪,৫৪৫ জন ভোটকর্মী।

ইতিমধ্যে স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের টহলদারি এবং পতাকা মিছিল চলছে। কয়েকশো সন্দেহভাজন অপরাধীকে গ্রেফতারের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ সামগ্রীও উদ্ধার করা হয়েছে। প্রচার শেষ। এখন অপেক্ষা শুক্রবারের ভোটের। শহরাঞ্চলে কোন রাজনৈতিক দলের প্রভাব কতটা, তা স্পষ্ট হবে ভোটারদের রায়েই।



