স্বাধীনতার ৮০ বছর পরও উন্নয়নের আলো পৌঁছায়নি তুল্লারতল বিরেশনগরে, মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত প্রায় ৫০ পরিবার

Spread the news

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : স্বাধীনতার ৮০ বছর পরও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত কাছাড় জেলার ধলাই বিধানসভা এলাকার সেওড়ারতল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুল্লারতল বিরেশনগর। বিদ্যুৎ, সর্বকালীন চলাচলযোগ্য রাস্তা, নিরাপদ পানীয় জল, কালভার্ট এবং বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন গ্রামবাসী।

স্থানীয়দের অভিযোগ, ১৯৭৩ সাল থেকে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা বিদ্যুৎ সংযোগ, রাস্তা নির্মাণসহ একাধিক উন্নয়নমূলক কাজের আশ্বাস দিলেও আজ পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি। ফলে আধুনিক সুযোগ-সুবিধা থেকে বিচ্ছিন্ন অবস্থায় মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন প্রায় ৫০টি পরিবার।
গ্রামে বিদ্যুৎ না থাকায় সন্ধ্যা নামলেই চারদিকে অন্ধকার নেমে আসে। এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। পাশাপাশি তীব্র গরমে বৃদ্ধ, নারী ও শিশুদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে, চলাচলের উপযুক্ত রাস্তা না থাকায় বর্ষাকালে গ্রামটি কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। কাদা ও জলাবদ্ধতার কারণে স্কুল-কলেজের পড়ুয়া, দিনমজুর এবং সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াতে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। জরুরি চিকিৎসা পরিষেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। গ্রামে রাস্তা না থাকায় অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না। ফলে অসুস্থদের বাঁশের অস্থায়ী খাটিয়া বা কাপড়ে বহন করে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হন পরিবারের সদস্যরা। এছাড়া নিরাপদ পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা, কালভার্ট নির্মাণ, সরকারি আবাসন প্রকল্প, অরুণোদয়, বৃদ্ধভাতা এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা থেকেও বহু পরিবার এখনও বঞ্চিত বলে দাবি গ্রামবাসীদের।

স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর থেকে একাধিক সরকার পরিবর্তন হলেও তাঁদের জীবনযাত্রার মানের কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বিভিন্ন সময়ে আবেদন ও স্মারকলিপি দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেও তাঁরা দাবি করেন।

গ্রামবাসীরা অবিলম্বে তুল্লারতল বিরেশনগরে বিদ্যুৎ সংযোগ, সর্বকালীন চলাচলযোগ্য রাস্তা, নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, কালভার্ট নির্মাণ এবং বঞ্চিত পরিবারগুলিকে সরকারি প্রকল্পের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের দ্রুত গ্রামটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান সরফ উদ্দিন লস্কর, ছছর আলি শেখ, আব্দুল সমাদ তৌলুদার, রঞ্জয়ান আলি শেখ, সাদ্দিক আহমদ লস্কর, বদরুল হুসেন লস্করসহ এলাকার বহু বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *