বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : উত্তর ত্রিপুরার ধর্মনগর সংশোধনাগারে এক বিচারাধীন কয়েদির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম দিলওয়ার হোসেন। তাঁর বাড়ি সাখাইবাড়ি এলাকায়।

জানা গেছে, এনডিপিএস মামলায় পুলিশ দিলওয়ার হোসেনকে গ্রেপ্তার করেছিল। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে তাঁকে ধর্মনগর সংশোধনাগারে রাখা হয়। বুধবার সংশোধনাগারের শৌচাগার থেকে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন জেলকর্মীরা।
ঘটনার পর জেল পুলিশকর্মীরা দ্রুত তাঁকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসককে জেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সংশোধনাগারের শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন দিলওয়ার। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁর শারীরিক অবস্থাকে আশঙ্কাজনক বলে জানান। তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে চিকিৎসকরা সিপিআর দিলেও শেষরক্ষা হয়নি। শেষ পর্যন্ত তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

তবে ঠিক কী কারণে দিলওয়ার হোসেনের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। শৌচাগারে পড়ে গিয়ে আঘাত পাওয়ার বিষয়টি জেল পুলিশের বক্তব্য হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের অপেক্ষায় রয়েছেন সকলে। বৃহস্পতিবার মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। এই ঘটনায় সংশোধনাগারের নিরাপত্তা ও কয়েদির মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।



