বরাক তরঙ্গ, ২ জুলাই : ডিমা হাসাও জেলার হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা সেতুর কাছে বৃহস্পতিবার বিকেলে একটি ফরমালিনবাহী ট্যাঙ্কার দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহত ট্যাঙ্কার চালক সইফুল হক (৩২) হাফলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বাড়ি চিরাং জেলার দলগাঁওয়ে।
জানা গেছে, বিকেল প্রায় ৪টা নাগাদ নামরূপ থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হওয়া এনএল-০১এ-৩৮৮৬ নম্বরের ফরমালিনবাহী ট্যাঙ্কারটি জাটিঙ্গা সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। এতে ট্যাঙ্কারের দুটি চেম্বার থেকে ফরমালিন বেরিয়ে পাশের একটি জলধারায় মিশে যায়, যা পরে জাটিঙ্গা নদীতে প্রবাহিত হয়।
ফরমালিন মানবদেহের জন্য ক্ষতিকর হওয়ায় ডিমা হাসাও জেলা প্রশাসন জনস্বার্থে জরুরি সতর্কতা জারি করেছে। প্রশাসনের পক্ষ থেকে জাটিঙ্গা সেতু থেকে হারাংগাজাও পর্যন্ত জাটিঙ্গা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের আগামী দু’দিন নদীর জল পান, রান্না, গৃহস্থালির কাজে ব্যবহার এবং গবাদিপশু বা অন্যান্য প্রাণীকে পান করানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রশাসনের মতে, জনসাধারণ, গবাদিপশু, জলজ প্রাণী এবং পরিবেশের নিরাপত্তার স্বার্থেই এই সতর্কতামূলক নির্দেশ জারি করা হয়েছে।
উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবোলাল গার্লোসা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কাছে দ্রুত এই সতর্কবার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি পরিস্থিতির ওপর প্রশাসন নজরদারি চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।



